ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফরিদপুরে পার্ক করা বাসে আগুন, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে চালকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৬, ১০ নভেম্বর ২০২৬
ফরিদপুরে পার্ক করা বাসে আগুন, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে চালকের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা একটি লোকাল বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় কালাচাঁন শেখ (৩৪) নামের এক বাসচালকের মৃত্যু হয়েছে। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টা দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত কালাচাঁন শেখ ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার নুরুদ্দিন শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে খাবার খেয়ে নিজের চালানো বাসটির ভেতরেই ঘুমিয়ে ছিলেন কালাচাঁন। এ সময় বাসটিতে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। বাসের ভেতর ঘন ধোঁয়ার সৃষ্টি হলে ঘুমন্ত অবস্থায় শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক সোহেল রানা জানান, রাত ৩টার দিকে খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে এবং তা নিয়ন্ত্রণে আনে।

পরে কালাচাঁন শেখকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে, ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী ঘটনাস্থল পরিদর্শন করে জানান, প্রযুক্তি ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িত দুর্বৃত্তদের শনাক্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে পুলিশ। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!