রামেকে ছাত্রলীগের সাবেক দুই নেতা আটক
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্নশিপ পুনরায় করার সুযোগ চেয়ে পরিচালকের সঙ্গে দেখা করতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতা আটক হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে তাদের আটক করে পুলিশ।
আটক দুজন হলেন রামেক শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ কর্মকার মণ্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ১১ ও ১৩ সেপ্টেম্বর শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে রামেক ছাত্রলীগের ১৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এর অংশ হিসেবে শুভ কর্মকার ও নাহিদের দুই বছরের ইন্টার্নশিপ বাতিল এবং হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছিল।
হাসপাতালের একটি সূত্র জানায়, শাস্তির দুই বছর মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় ইন্টার্নশিপ সম্পন্ন করার সুযোগ চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন করেন শুভ ও নাহিদ। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে তাদের পরিচালকের কার্যালয়ে ডাকা হয়।
এদিকে, নিষিদ্ধ ছাত্রলীগের ওই দুই নেতা পরিচালকের কক্ষে অবস্থান করছেন—এমন খবর ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিবিরের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন। পরে ছাত্রদলের নেতাকর্মীরাও যোগ দেন। এ সময় তারা পরিচালকের কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পরে শুভ কর্মকার ও নাহিদ হাসানকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, ছাত্রলীগের দুই নেতা হাসপাতালের পরিচালকের কক্ষে যাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ওই দুই নেতাকে আটক করে থানায় নিয়ে এসেছে।