রাজধানীতে জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের বাসে আগুন
রাজধানীর ভাটারায় সড়কের পাশে পার্কিং করে রাখা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১০০ ফিট সড়কে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেছে।
ভাটারা থানা পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়। এ ঘটনায় বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ।
জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের পরিবহন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, ১০০ ফিট সড়কে স্কুলের চারটি বাস পার্কিং করা ছিল। দুর্বৃত্তরা গানপাউডার দিয়ে একটি বাসে আগুন দেয়। এতে বাসটি পুড়ে গেছে।
এদিকে, রাজধানীতে দুই দিনে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে মিরপুরে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এর প্রায় তিন ঘণ্টা পর মহাখালী বাস টার্মিনালে সোহাগ পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়।
রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক ব্রিফিংয়ে জানানো হয়, জনমনে আতঙ্ক ছড়াতে বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।