বুয়াতসিকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হাচিনসন
ব্রিটিশ বক্সার জশুয়া বুয়াতসিকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন স্কটল্যান্ডের উইলি হাচিনসন। শনিবার (৭ নভেম্বর) ইংল্যান্ডের ম্যানচেস্টারের এও অ্যারেনায় অনুষ্ঠিত লড়াইয়ে সর্বসম্মত সিদ্ধান্তে বুয়াতসিকে পরাজিত করে বিশ্ব বক্সিং কাউন্সিলের (ডব্লিউবিসি) লাইট হেভিওয়েট বিভাগের শূন্য বিশ্ব শিরোপা জেতেন তিনি।
১২ রাউন্ডের লড়াই শেষে তিন বিচারকের স্কোর ছিল ১১৭-১১২, ১১৫-১১৩ ও ১১৫-১১৩। তিন বিচারকের রায়েই এগিয়ে থাকায় জয় নিশ্চিত হয় ২৮ বছর বয়সী হাচিনসনের।
এই জয়ের মধ্য দিয়ে ২০২৪ সালের সেপ্টেম্বরে বুয়াতসির কাছে হারের প্রতিশোধও নিলেন তিনি। আগের লড়াইয়ে স্প্লিট ডিসিশনে জয় পেয়েছিলেন বুয়াতসি। এবার অবশ্য শুরু থেকেই নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন হাচিনসন।
প্রথম কয়েক রাউন্ডে দ্রুত হাত চালানো, নিখুঁত জ্যাব এবং প্রতিপক্ষের আক্রমণ এড়িয়ে চলার কৌশলে বুয়াতসিকে বেশ চাপে রাখেন স্কটিশ এই বক্সার। পাল্টা আক্রমণে একের পর এক পাঞ্চ করে পয়েন্ট সংগ্রহ করতে থাকেন তিনি। অন্যদিকে বুয়াতসি শুরুতে আক্রমণের গতি বাড়াতে না পারায় পিছিয়ে পড়েন।
লড়াইয়ের দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন বুয়াতসি। দূরত্ব কমিয়ে হাচিনসনের শরীর ও মাথা লক্ষ্য করে আক্রমণ চালান তিনি। বিশেষ করে শেষ কয়েক রাউন্ডে আক্রমণের মাত্রা বাড়ালেও ব্যবধান কমানোর জন্য তা যথেষ্ট ছিল না। শেষ রাউন্ডেও কৌশলী অবস্থান ধরে রেখে জয় নিশ্চিত করেন হাচিনসন।
শৈশব থেকেই ডব্লিউবিসি চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতেন হাচিনসন। লড়াই শেষে রিংয়ে দাঁড়িয়ে সেই স্বপ্ন পূরণের কথা জানান তিনি।
হাচিনসন বলেন, ‘১৩ বছর বয়সে আমি বলেছিলাম, একদিন ডব্লিউবিসি চ্যাম্পিয়ন হব। কথাটি একটি খাতায় লিখেও রেখেছিলাম। আজ আমি বিশ্ব চ্যাম্পিয়ন।’
তিনি আরও বলেন, দুই বছর আগেই বুয়াতসিকে হারানো উচিত ছিল তার। তবে এবার কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে জয় নিশ্চিত করতে পেরে তিনি আনন্দিত।
এই জয়ের ফলে পেশাদার বক্সিংয়ে হাচিনসনের রেকর্ড দাঁড়িয়েছে ২১ জয় ও ২ হার। ১৪টি লড়াইয়ে নকআউট জয় রয়েছে তার। অন্যদিকে ২০ জয় ও ২ হারে থামল ৩৩ বছর বয়সী বুয়াতসির রেকর্ড। তার ১৩টি জয় এসেছে নকআউটে।
জয়ের পর রিংয়েই নিজের পরবর্তী প্রতিপক্ষ হিসেবে ব্রিটিশ বক্সার অ্যান্থনি ইয়ার্ডের নাম উল্লেখ করেন হাচিনসন। ইয়ার্ডও সেখানে উপস্থিত থেকে তাকে অভিনন্দন জানান।
হাচিনসনের জেতা শিরোপাটি আগে ডেভিড বেনাভিদেজের দখলে ছিল। ক্রুজারওয়েট বিভাগে মনোযোগ দিতে শিরোপাটি ছেড়ে দেওয়ায় সেটি শূন্য হয়ে পড়ে। সেই শিরোপা জয়ের লড়াইয়েই মুখোমুখি হয়েছিলেন হাচিনসন ও বুয়াতসি।
এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পাশাপাশি স্কটিশ পুরুষ বক্সিংয়ে নতুন ইতিহাস গড়লেন হাচিনসন।
সূত্র: রয়টার্স, ইএসপিএন ও স্কাই স্পোর্টস।