দেশের মাটিতে প্রথম ফাইফার, স্টাম্পিংয়ে ইতিহাস গড়লেন হাসান
দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো পাঁচ উইকেটের দেখা পেলেন পেসার হাসান মাহমুদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে লিটন দাসের দুর্দান্ত স্টাম্পিংয়ে পূর্ণ হয় তার ফাইফার। একই সঙ্গে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কোনো পেসারের প্রথম স্টাম্পিংয়ে উইকেট পাওয়ার ঘটনাও এটি।
২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় হাসানের। একই বছরের আগস্টে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই প্রথম পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। এরপর ভারত, অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতেও ফাইফার পেয়েছেন এই ডানহাতি পেসার। তবে দেশের মাটিতে এই অর্জনের অপেক্ষা ছিল দীর্ঘদিনের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে সেই অপেক্ষার অবসান হলো। ১৯ টেস্টের ক্যারিয়ারে পাঁচটি ভিন্ন দেশে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন হাসান। ভেন্যুগুলো হলো রাওয়ালপিন্ডি, চেন্নাই, ডারউইন, আবুধাবি ও সিলেট।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে পাঁচটি ভিন্ন দেশে ফাইফার নেওয়া দ্বিতীয় বোলার হাসান। এর আগে এই কীর্তি গড়েছিলেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন।
বাংলাদেশি পেসারদের মধ্যে টেস্টে সবচেয়ে কম ম্যাচে সর্বোচ্চ ফাইফার নেওয়ার কীর্তিও এখন হাসানের দখলে। মাত্র ১৯ টেস্টেই একাধিকবার পাঁচ উইকেট নেওয়ার তালিকায় নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। তার পরেই রয়েছেন সাবেক পেসার শাহাদাত হোসেন। ৩৮ টেস্টে চারবার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন তিনি।
এ ছাড়া নাহিদ রানা ১২ টেস্টে এবং রবিউল ইসলাম ৯ টেস্টে দুবার করে পাঁচ উইকেট নিয়েছেন। মঞ্জুরুল ইসলাম, রুবেল হোসেন, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম একবার করে এই কীর্তি গড়েছেন।
হাসানের ফাইফার পূর্ণ হওয়ার মুহূর্তটিও ছিল দৃষ্টিনন্দন। অফ স্টাম্পের বাইরে ফুল লেংথের বলটি ড্রাইভ করতে গিয়ে ব্যর্থ হন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার জশুয়া বিশপ। শট খেলতে গিয়ে ভারসাম্য হারিয়ে পেছনের পা তুলে ফেলেন তিনি। সেই সুযোগে চোখের পলকে স্টাম্প ভেঙে দেন উইকেটরক্ষক লিটন দাস।
টেস্টে বাংলাদেশের কোনো পেসারের বলে স্টাম্পিংয়ে উইকেট পাওয়ার ঘটনা এই প্রথম। ফলে হাসানের পাশাপাশি ইতিহাসের অংশ হয়েছেন লিটনও।
লাঞ্চ বিরতির আগে ৮৪ রান খরচায় পাঁচ উইকেট নিয়েছেন হাসান। ওয়েস্ট ইন্ডিজের হাতে তখনো দুই উইকেট থাকায় নিজের উইকেটসংখ্যা আরও বাড়ানোর সুযোগ ছিল তার।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে পাকিস্তানের বিপক্ষে ৪৩ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে প্রথম ফাইফার পান হাসান। একই বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে, ২০২৬ সালের আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষেও পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান তিনি।