ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

বৃষ্টিতে খেলা বন্ধ ,বাংলাদেশের লিড ১৫৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৮, ৩১ অক্টোবর ২০২৬
বৃষ্টিতে খেলা বন্ধ ,বাংলাদেশের লিড ১৫৯
বৃষ্টিতে খেলা বন্ধ মিরপুরে। ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টের চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের লিড ১৫০ রান ছাড়িয়েছে। তবে প্রথম সেশন শেষ হওয়ার আগেই বৃষ্টি নামায় খেলা বন্ধ রয়েছে। বৃষ্টির কারণে মাঠ ঢেকে রাখা হয়েছে।

খেলা বন্ধ হওয়ার সময় দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১৩২ রান। প্রথম ইনিংসের ২৭ রানের লিডসহ স্বাগতিকদের মোট লিড দাঁড়িয়েছে ১৫৯ রানে।

দ্বিতীয় ইনিংসে প্রথমসারির ব্যাটারদের ব্যর্থতার মধ্যে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তুলেছেন নাঈম হাসান। বৃষ্টি নামার আগে চারটি চারের সাহায্যে ৪৯ রানে অপরাজিত ছিলেন তিনি। শেষ ব্যাটার শরিফুল ইসলাম তাকে সঙ্গ দিচ্ছেন।

বাংলাদেশের নবম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন তাইজুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজের বলে এলবিডব্লিউ হন তিনি। একটি চারে ৮ রান করেন তাইজুল।

এর আগে নাঈমকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন হাসান মাহমুদ। বেশ কিছুক্ষণ উইকেটে টিকে থাকলেও শেষ পর্যন্ত জোমেল ওয়ারিক্যানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। তার ব্যাট থেকে আসে ৮ রান।

এর আগে ওয়ারিক্যানের বলেই স্লিপে ক্যাচ দিয়ে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। আউট হওয়ার আগের বলে কাভার ড্রাইভে চার মারলেও পরের বলেই উইকেট হারান ওই ব্যাটার।

তৃতীয় দিনের খেলাও আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগে শেষ হয়েছিল। সেদিন মোট ৬৩ ওভার খেলা হয়। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ৩৪ ওভার এবং বাংলাদেশ ২৯ ওভার ব্যাটিং করে।

তৃতীয় দিন ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে ব্যাটিং শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। পরে বাকি ছয় উইকেট হারিয়ে ২৪৫ রানে অলআউট হয় সফরকারীরা। এতে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পায় বাংলাদেশ।

তবে লিড পেয়েও দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। তৃতীয় দিনের খেলা শেষে ২৯ ওভারে ৬ উইকেটে ৭৯ রান তোলে স্বাগতিকরা। তখন বাংলাদেশের মোট লিড ছিল ১০৬ রান।

সেদিন জাকের আলী ও নাঈম হাসান ১৮ রান করে অপরাজিত ছিলেন। এর আগে মেহেদী হাসান মিরাজ ৯ এবং লিটন কুমার দাস ৪ রান করে ওয়ারিক্যানের শিকার হন।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের শুরুটাও ছিল হতাশাজনক। তানজিদ হাসান তামিম রানের খাতা খুলতে পারেননি। সাদমান ইসলাম ১৩, তাওহিদ হৃদয় শূন্য এবং নাজমুল হোসেন শান্ত ১০ রান করে সাজঘরে ফেরেন।

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসের ২৭২ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ২৪৫ রানে অলআউট হয়। সফরকারীদের শেষ দিকের ব্যাটারদের চাপে ফেলেন অফস্পিনার নাঈম হাসান। তিনি চারটি উইকেট নেন। এ ছাড়া মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট শিকার করেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ত্যাগনারায়ণ চন্দরপল ১৮৪ বল খেলে ৫৬ রান করেন। শরিফুল ইসলামের বলে দ্বিতীয় স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার বিদায়ে ৬৫ রানের জুটি ভাঙে।

জাস্টিন গ্রেভস ৪৬ রান করে নাঈম হাসানের বলে এলবিডব্লিউ হন। আর অধিনায়ক রোস্টন চেজ ৪৩ রানে অপরাজিত থাকেন।

চতুর্থ দিনে বৃষ্টি থামার পর বাংলাদেশ শেষ উইকেটে আরও কত রান যোগ করতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!