ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জয়পুরহাটে বর্ণিল আলোকসজ্জা ও আতশবাজিতে উদ্‌যাপিত হচ্ছে শুভ দীপাবলি

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩০, ৮ নভেম্বর ২০২৬
জয়পুরহাটে বর্ণিল আলোকসজ্জা ও আতশবাজিতে উদ্‌যাপিত হচ্ছে শুভ দীপাবলি
মারওয়ারী পট্টিতে বিভিন্ন দোকান ও বাড়ির সামনে আলোকসজ্জা ও প্রদীপ প্রজ্বালন।ছবি:ডেইলি বাংলাদেশ

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ দীপাবলি উপলক্ষে জয়পুরহাটে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আলোকসজ্জা, প্রদীপ প্রজ্বালন, মোমবাতি ও আতশবাজির ঝলকানিতে আলোকিত হয়ে উঠেছে শহরের বিভিন্ন এলাকা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে উদ্‌যাপিত হচ্ছে আলোর এ উৎসব।

সরেজমিনে রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় শহরের মারওয়ারী পট্টি, কাশিয়াবাড়ি, চিত্রাপাড়া, সবুজনগর, বাড়িধারাসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, দীপাবলি উপলক্ষে মন্দির, বিভিন্ন বাড়ি ও দোকানের সামনে করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা। কোথাও রঙিন বৈদ্যুতিক বাতির ঝলকানি, কোথাও সারি সারি প্রদীপ ও মোমবাতির আলোয় তৈরি হয়েছে মনোরম পরিবেশ। পাশাপাশি বিভিন্ন স্থানে আতশবাজির শব্দ ও আলোর ঝলকানিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

বিশেষ করে শহরের মারওয়ারী পট্টি এলাকায় দেখা যায় চোখধাঁধানো আলোকসজ্জা। বিভিন্ন মন্দির ও স্থাপনা সাজানো হয়েছে নানা রঙের আলোকসজ্জায়। সড়কের পাশে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে আলোর সাজে তৈরি হয়েছে উৎসবের আবহ। সন্ধ্যার পর থেকেই এসব এলাকায় বাড়তে থাকে মানুষের আনাগোনা। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ উৎসবের আনন্দ উপভোগ করছেন।

দীপাবলি উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পরিবারের সদস্যদের সঙ্গে উৎসব উদ্‌যাপন, ঘরবাড়ি ও মন্দির সাজানো এবং প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে দিনটি পালন করছেন তারা। আলোর উৎসবকে ঘিরে সবার মধ্যে বিরাজ করছে আনন্দ ও উৎসবের আমেজ।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দীপাবলি অন্ধকারের ওপর আলোর, অশুভ শক্তির ওপর শুভ শক্তির এবং অসত্যের ওপর সত্যের বিজয়ের প্রতীক। ঘরের অন্ধকার দূর করে আলো জ্বালানোর মধ্য দিয়ে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন হিন্দু ধর্মাবলম্বীরা।

ডেইলি-বাংলাদেশ/জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!