ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

বাংলাদেশ এশিয়া কাপে জয়ে ফিরল শ্রীলঙ্কাকে হারিয়ে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:২৮, ৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশ এশিয়া কাপে জয়ে ফিরল শ্রীলঙ্কাকে হারিয়ে
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের কাছে প্রথম ম্যাচে হেরে এশিয়া কাপের যাত্রা শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুরুটা হয়েছিল হারের হতাশায়। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে যুবারা। ব্যাট হাতে আহসান আল মুমিন ও এসকে জারিফ সিয়ামের দায়িত্বশীল ইনিংসের পর বোলারদের সম্মিলিত নৈপুণ্যে শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ।

ওমানের আল আমেরাতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার খেলতে পারেনি বাংলাদেশ। ইনিংসের শেষ দুই বল বাকি থাকতে ২৪৫ রানে অলআউট হয় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন আহসান আল মুমিন। ৯৮ বলের ইনিংসে দুটি চার ও চারটি ছক্কা মারেন তিনি। তাকে দারুণ সঙ্গ দেন এসকে জারিফ সিয়াম। ৮৩ বলে ৫৯ রান করেন এই ব্যাটার। এ ছাড়া আব্দুল্লাহ আল মুহির ব্যাট থেকে আসে ৩০ রান।

শ্রীলঙ্কার হয়ে সেথমিকা সেনেরিরত্নে চারটি উইকেট নেন। গিমহান মেন্ডিসের শিকার তিন উইকেট, কউশিকা কুমারাসিংহে নেন দুটি।

২৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ১৬ রানে প্রথম উইকেট হারালেও সেনুজা ওয়েকুনাগদার ব্যাটে জয়ের আশা বাঁচিয়ে রেখেছিল দলটি। তবে তার বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি লঙ্কানরা। ৯৫ বলে ৮৫ রানের লড়াকু ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তিনি।

শ্রীলঙ্কার আর কোনো ব্যাটার বিশের ঘরও পেরোতে পারেননি। শেষ পর্যন্ত ৪৬.১ ওভারে ২০০ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। তাতে ৪৫ রানের জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

বাংলাদেশের হয়ে বল হাতে দুটি করে উইকেট নিয়েছেন রাফিউল আলম তামিম, শেখ আতিকুর রহমান, রুবাই ইসলাম রিজন ও রবিউল হাসান অনিক।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!