রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৬৫ জন আটক
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে আটক করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫১টি মামলা করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২২ জন, লালবাগে ৫৯ জন, ওয়ারীতে ৪৩ জন, মতিঝিলে ৫৯ জন, তেজগাঁওয়ে ৫৬ জন, মিরপুরে ১৪৯ জন, গুলশানে ৩৮ জন এবং উত্তরা বিভাগে ৩৮ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ একজনকে আটক করেছে।
অভিযানকালে একটি অবিস্ফোরিত ককটেল ও ককটেলের অংশবিশেষ, ৬৬৯ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, গাঁজা কাটার একটি মেশিন এবং ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। একই সময়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।