ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ রাজনীতি ]

সারজিস আলমকে ‘ভণ্ড’ বলে এনসিপি ছাড়লেন ফজলুল করিম

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:১৯, ১০ নভেম্বর ২০২৬
সারজিস আলমকে ‘ভণ্ড’ বলে এনসিপি ছাড়লেন ফজলুল করিম
সংগৃহীত ছবি

দলের কর্মকাণ্ড ও নেতৃত্বের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির হবিগঞ্জ জেলা কমিটির ক্রীড়া সম্পাদক ফজলুল করিম। সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে ফেসবুক লাইভে এসে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

লাইভে এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলমকে ‘ভণ্ড’ আখ্যা দিয়ে ফজলুল করিম অভিযোগ করেন, দলের নেতারা মুখে যে কথা বলেন, কাজের ক্ষেত্রে তার প্রতিফলন নেই। সাধারণ কর্মীদের আবেগ নিয়ে খেলা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ফজলুল করিম বলেন, ‘আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা দলে এসেছিলাম। কিন্তু আমার মনে হচ্ছে, এনসিপি সেই লক্ষ্য থেকে সরে গেছে। এ কারণে আমি পদত্যাগ করেছি।’

তিনি আরও দাবি করেন, পদত্যাগের কারণ জানতে সারজিস আলমের সঙ্গে তাঁর চ্যাটে কথা হয়েছে। এ বিষয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কামরুল আরিফের সচিব মাহির কাছেও কল রেকর্ড রয়েছে বলে জানান তিনি।

পদত্যাগের পরও তাঁকে দল থেকে বহিষ্কার দেখানো হয়েছে বলে অভিযোগ করেন ফজলুল করিম। তাঁর ভাষ্য, পদত্যাগের বিষয়টি সামনে না এনে বহিষ্কারের তথ্য প্রচার করে দলটি ভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করছে।

এনসিপির হবিগঞ্জ জেলা কমিটি নিয়েও অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি, কমিটিতে চাঁদাবাজি ও মাদক কারবারে জড়িত ব্যক্তিরা রয়েছেন। যোগ্যদের পেছনে রেখে অযোগ্যদের মূল্যায়ন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ফজলুল করিম বলেন, সুন্দর বাংলাদেশ গড়ার যে উদ্দেশ্য নিয়ে তাঁরা দলটিতে যোগ দিয়েছিলেন, বর্তমান পরিস্থিতিতে সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না। কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধেও অসততা ও ভণ্ডামির অভিযোগ তোলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!