৭ নভেম্বর: একটি অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান ও বিপ্লব...
১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা ঘটেছিল। কিন্তু মাত্র ৪৭ বছরের ব্যবধানে সেই ইতিহাস এমনভাবে বিকৃত করা হয়েছে যে, মানুষ এখন প্রকৃত ইতিহাসই ভুলতে বসেছে। ঐতিহাসিক সত্য হলো, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর বাংলাদেশে যে রাজনৈতিক ও সামরিক অস্থিরতা সৃষ্টি হয়েছিল, ৩ নভেম্বরের অভ্যুত্থানের পর তা আরও জটিল হয়ে ওঠে। ফলে ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব অনেকটা অনিবার্য হয়ে পড়েছিল।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যম সারির একদল কর্মকর্তার পরিচালিত অভ্যুত্থানে শেখ মুজিবুর রহমান নিহত হন। এই অভ্যুত্থানের পেছনে তার নিজের কয়েকজন জ্যেষ্ঠ রাজনৈতিক সহযোগীর সক্রিয় ষড়যন্ত্রও ছিল। শেখ মুজিবের দীর্ঘদিনের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশতাক আহমদ পরবর্তী রাষ্ট্রপতি হন। খন্দকার মোশতাক এবং অভ্যুত্থান পরিচালনাকারী সামরিক কর্মকর্তারা সার্বক্ষণিক বঙ্গভবনে অবস্থান করে রাষ্ট্র পরিচালনা শুরু করেন।
সেনাবাহিনীতে চেইন অব কমান্ড পুনঃপ্রতিষ্ঠার কথা বলে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ১৯৭৫ সালের ২ নভেম্বর দিবাগত রাতে পাল্টা অভ্যুত্থান ঘটান। এরপর তিনি নিজেই সেনাবাহিনীর চেইন অব কমান্ড লঙ্ঘন করে নিজেকে সেনাপ্রধান ঘোষণা করেন এবং তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দি করেন। সমঝোতার অংশ হিসেবে ১৫ আগস্টের অভ্যুত্থানে জড়িত সামরিক কর্মকর্তাদের নিরাপদে দেশত্যাগের ব্যবস্থাও করেন তিনি। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ রাষ্ট্রপতি হিসেবে খন্দকার মোশতাককে বহাল না রাখার সিদ্ধান্ত নেন। ৬ নভেম্বর তিনি প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক (সিএমএলএ) করেন। নিজে উপপ্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন।
স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের অধিনায়ক এবং রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে সেনাবাহিনীর ভেতরে জেনারেল জিয়ার ব্যাপক জনপ্রিয়তা ছিল। ফলে ৩ নভেম্বর তাকে পদচ্যুত ঘোষণা করে গৃহবন্দি করা হলে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে তার প্রতি সহানুভূতি তীব্র ক্ষোভে রূপ নেয়। ঠিক এই সুযোগে লেফটেন্যান্ট কর্নেল (অব.) তাহের সৈনিকদের জেনারেল জিয়ার প্রতি ভালোবাসা থেকে সৃষ্ট ক্ষোভ এবং তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আরেকটি সামরিক পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলের পরিকল্পনা করেন।
এই পরিকল্পনার অংশ হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) বিপ্লবী সৈনিক সংস্থার সদস্যরা সশস্ত্র বাহিনীর মধ্যে লিফলেট বিতরণ করে সাধারণ সিপাহিদের উসকে দেন। এই প্রচারণার সবচেয়ে বেপরোয়া ও ক্ষতিকর দিক ছিল সশস্ত্র বাহিনী থেকে কর্মকর্তাদের নির্মূল করার বিভ্রান্তিকর প্রচার। সে সময় জাসদের প্রচারিত উল্লেখযোগ্য কয়েকটি স্লোগান ছিল, ‘সিপাহি সিপাহি ভাই ভাই, অফিসারের রক্ত চাই’ এবং ‘সিপাহি সিপাহি ভাই ভাই, সুবেদারের ওপরে অফিসার নাই’।
জেনারেল জিয়ার প্রতি অনুগত দ্বিতীয় ফিল্ড আর্টিলারির কর্মকর্তা ও সৈনিকরা লেফটেন্যান্ট কর্নেল (অব.) তাহেরের রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরিকল্পনা আগেই আঁচ করতে পেরেছিলেন। তারা গোপনে আলাদা একটি আগাম পরিকল্পনা তৈরি করেন। সে অনুযায়ী ৬ নভেম্বর দিবাগত রাতে, অর্থাৎ ৭ নভেম্বর রাত ১২টা ১ মিনিটে, জাসদের অভ্যুত্থানচেষ্টা শুরুর এক ঘণ্টা আগে মেজর মহিউদ্দিন ও সুবেদার মেজর আনিসুল হকের নেতৃত্বে দ্বিতীয় ফিল্ড আর্টিলারির সৈনিকরা মেজর জেনারেল জিয়াউর রহমানের বাসভবনে যান এবং তাকে মুক্ত করেন। নিরাপত্তার স্বার্থে এরপর তাকে দ্বিতীয় ফিল্ড আর্টিলারির সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।
জেনারেল জিয়াকে মুক্ত করে কর্নেল তাহেরের কাছে নিয়ে যাওয়ার জন্য বিপ্লবী সৈনিক সংস্থার নেতারা যখন সেনানিবাসে পৌঁছান, তখন তারা গভীরভাবে হতাশ হন। লেফটেন্যান্ট কর্নেল (অব.) তাহের নিজেও হতাশ হন। তবু শেষ চেষ্টা হিসেবে তিনি নিজেই দ্বিতীয় ফিল্ড আর্টিলারির সদর দপ্তরে গিয়ে জেনারেল জিয়াকে সেখান থেকে বের করে আনার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে পরিস্থিতি বদলে গেছে।
সাধারণ সিপাহিদের পাশাপাশি সাধারণ মানুষও নজিরবিহীন এক বিপ্লবে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছিলেন। স্বতঃস্ফূর্ত ও রক্তপাতহীন বিপ্লবের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ঘটে যাওয়ার পরও এবং ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ও কর্নেল শাফায়াত জামিল বঙ্গভবন ছেড়ে পালিয়েছেন, এ খবর জানার পরও জাসদের বিপ্লবী সৈনিক সংস্থার সদস্যরা হাসানুল হক ইনু ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) তাহেরের নির্দেশে মরিয়া হয়ে ওঠেন। তারা সেনানিবাসের ভেতরে কয়েকজন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করেন।
দ্বিতীয় ফিল্ড আর্টিলারির সদর দপ্তরে কর্নেল তাহের সকাল পর্যন্ত অপেক্ষা করেন এবং জেনারেল জিয়াকে সেখান থেকে বের করে নেওয়ার চেষ্টা চালিয়ে যান। একপর্যায়ে তিনি জেনারেল জিয়াকে সেনাবাহিনী ও জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার জন্য বেতারকেন্দ্রে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। সেখানে উপস্থিত অন্যরা পাল্টা প্রস্তাব দেন, বেতারকেন্দ্রের কর্মকর্তাদের দ্বিতীয় ফিল্ড আর্টিলারির সদর দপ্তরে নিয়ে আসা হোক, যাতে সেখানে জেনারেল জিয়ার ভাষণ রেকর্ড করা যায়। এতে লেফটেন্যান্ট কর্নেল (অব.) তাহের আরও ক্ষুব্ধ ও হতাশ হন।
এ পরিস্থিতিতে লেফটেন্যান্ট কর্নেল তাহের তার অনুগত বিপ্লবী সৈনিক সংস্থার সদস্যদের যেকোনো মূল্যে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ও কর্নেল শাফায়াত জামিলকে হত্যা করার নির্দেশ দেন।
কর্নেল শাফায়াত জামিল তার ব্রিগেড মেজর হাফিজের কাছ থেকে এ নির্দেশের কথা জানতে পারেন এবং বঙ্গভবনে অবস্থানরত খালেদ মোশাররফকে বিষয়টি জানান। খালেদ মোশাররফ তথ্যের সত্যতা যাচাই করতে সেনানিবাসে ফোন করেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি কর্নেল শাফায়াত জামিলকে বঙ্গভবনে অবস্থান করতে বলেন। এরপর তিনি কর্নেল হায়দার ও কর্নেল হুদাকে নিয়ে বঙ্গভবন ত্যাগ করেন। প্রথমে তারা জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রধান কর্নেল নূরুজ্জামানের বাসায় যান। সেখানে তারা পোশাক পরিবর্তন করেন। এরপর খালেদ মোশাররফের এক আত্মীয়ের বাসায় যান।
কয়েকটি টেলিফোন করার পর তারা শেরেবাংলা নগরে অবস্থানরত দশম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল নওয়াজেশের সঙ্গে কথা বলেন। তিনি তাদের নিরাপত্তার আশ্বাস দিলে তারা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন। পথে তাদের গাড়ি দুর্ঘটনায় বিকল হয়ে যায়। ফলে প্রথমে তাদের মোহাম্মদপুরের ফাতেমা নার্সিং হোমে যেতে হয়। সেখান থেকে হেঁটে তারা দশম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাম্পে পৌঁছান।
কর্নেল নওয়াজেশ আহমেদ টেলিফোনে জেনারেল জিয়াকে জানান, খালেদ মোশাররফ তার ক্যাম্পে অবস্থান করছেন। জেনারেল জিয়া কর্নেল নওয়াজেশকে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি কর্নেল নওয়াজেশের ক্যাম্পে অবস্থানরত রেজিমেন্টের আরেক কর্মকর্তা মেজর জলিলের সঙ্গেও কথা বলেন। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফসহ অন্য দুই সেনা কর্মকর্তার যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে কর্নেল নওয়াজেশকে সহযোগিতা করার নির্দেশ দেন তিনি।
কর্নেল হুদার স্ত্রী নীলুফার হুদার লেখা একটি বইয়ের বিবরণ অনুযায়ী, সে সময় ঢাকা সেনানিবাসের দ্বিতীয় ফিল্ড আর্টিলারির সদর দপ্তরে উপস্থিত ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায়, জেনারেল জিয়া যখন কর্নেল নওয়াজেশ ও মেজর জলিলের সঙ্গে কথা বলছিলেন, তখন লেফটেন্যান্ট কর্নেল (অব.) তাহের প্রায় ১৫ মিনিটের জন্য বাইরে যান। ফিরে এসে তিনি জেনারেল জিয়ার কাছে খালেদ মোশাররফের সঠিক অবস্থান জানতে চান। এরপর আবার কিছুক্ষণের জন্য বাইরে চলে যান।
সেনাপ্রধানের নির্দেশ ও নিরাপত্তার আশ্বাস পেয়ে কর্নেল নওয়াজেশ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ও তার দুই সঙ্গীর জন্য সকালের নাশতার ব্যবস্থা করেন। নাশতা পরিবেশনের কিছুক্ষণ পর লেফটেন্যান্ট কর্নেল (অব.) তাহেরের অনুগত বিপ্লবী সৈনিক সংস্থার কয়েকজন সদস্য খাকি সামরিক পোশাক পরে এবং হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে কক্ষে প্রবেশ করেন। তারা ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ও অন্য দুই কর্মকর্তাকে কক্ষ থেকে বাইরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেন।
সশস্ত্র বাহিনীর অভ্যন্তরীণ সূত্রের দাবি, বিপ্লবী সৈনিক সংস্থার কয়েকজন সদস্য ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ও তার দুই সঙ্গীকে হত্যার জন্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) তাহেরের নির্দেশ কর্নেল আসাদুজ্জামানের কাছে পৌঁছে দেন। কর্নেল আসাদুজ্জামান নিজেই হত্যাকাণ্ডের নেতৃত্ব দেন।
প্রকৃতপক্ষে, ১৯৭৫ সালের ৭ নভেম্বর জাসদের একটি রক্তক্ষয়ী কিন্তু ব্যর্থ অভ্যুত্থানচেষ্টা ঘটেছিল। এর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় ফিল্ড আর্টিলারির নেতৃত্বে সিপাহি ও জনতার সম্মিলিত প্রচেষ্টায় একটি সফল ও রক্তপাতহীন বিপ্লব সংঘটিত হয়। ১৯৭৫ সালের আগস্টের মাঝামাঝি থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত সংঘটিত রক্তক্ষয়ী অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের মধ্যে ইতিহাসের গতিপথ বদলে দেওয়ার মতো এক অসাধারণ বিপ্লব নীরবে আবির্ভূত হয়েছিল। এটি বাংলাদেশের রাজনীতির গতিপথ মৌলিকভাবে পরিবর্তন করে দেয়।
লেখক: এ কে এম ওয়াহিদুজ্জামান, নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের উপস্থায়ী স্থায়ী প্রতিনিধি।