ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ রাজনীতি ]

পিস্তল হাতে ধাওয়া করার ঘটনায় নিজের অবস্থানে অনড় ইশরাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৬, ৭ নভেম্বর ২০২৬
পিস্তল হাতে ধাওয়া করার ঘটনায় নিজের অবস্থানে অনড় ইশরাক
ছবি: সংগৃহীত

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের পিস্তল হাতে কয়েকজনকে ধাওয়া করার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত ১৭ অক্টোবর বিকেলে রাজধানীর গেণ্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে তাঁর ফেসবুক পেজের পোস্টে উল্লেখ করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, এক হাতে হ্যান্ড মাইকের মাউথপিস এবং অন্য হাতে পিস্তল নিয়ে গাড়ি থেকে নেমে কয়েকজনকে ধাওয়া করছেন ইশরাক। এ সময় পিস্তলের স্লাইড টেনে সেটি গুলি করার জন্য প্রস্তুত করে লোকগুলোর দিকে তাক করে ‘অ্যাই দাঁড়া, দাঁড়া’ বলে চিৎকার করতে দেখা যায় তাঁকে। ভিডিওতে সাদা পোশাকের আরও একজনকে অস্ত্র হাতে কয়েকজনকে ধাওয়া করতে দেখা যায়।

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকাকালে তাঁর এমন কর্মকাণ্ড নিয়ে বিএনপি ও সরকারের ভেতরে অসন্তোষ তৈরি হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরদিন প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন বলে জানা যায়। পরে ২০ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়, ইশরাকের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

এ ঘটনা ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে সম্প্রতি দৈনিক যুগান্তরকে সাক্ষাৎকার দিয়েছেন ইশরাক হোসেন। সাক্ষাৎকারটি নিয়েছেন পত্রিকাটির স্টাফ রিপোর্টার নূরে আলম জিকু।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ইশরাককে রাজনৈতিকভাবে দুর্বল করা হলে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লাভবান হতে পারে। আওয়ামী লীগ রাজনীতির মাঠে ফিরলেও তারা সুবিধা পেতে পারে। এ বিষয়ে জানতে চাইলে ইশরাক বলেন, বিশ্লেষকরা তাঁদের নিজস্ব বিচার-বিবেচনা ও জ্ঞান থেকে মতামত দেন। তাই তাঁদের বক্তব্য পুরোপুরি উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।

তবে তাঁকে রাজনৈতিকভাবে দুর্বল করার কোনো প্রচেষ্টা সফল হবে না বলে দাবি করেন তিনি। ইশরাক বলেন, প্রধানমন্ত্রী তাঁর কর্মকাণ্ড ও রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে অবগত। দলের হাজারো নেতাকর্মীর মধ্যেও প্রধানমন্ত্রী তাঁকে বিশেষ স্নেহ ও আস্থার চোখে দেখেছেন বলে উল্লেখ করেন তিনি। দলের ভেতরে বা বাইরে থেকে যেকোনো প্রতিবন্ধকতা মোকাবিলায় তিনি প্রস্তুত বলেও জানান।

রাজনীতিতে নিজের বড় ভুলের বিষয়ে জানতে চাইলে ইশরাক বলেন, মানুষ হিসেবে সবারই ছোটখাটো ভুলত্রুটি হতে পারে। তবে সম্প্রতি আলোচিত ঘটনাটিতে তিনি কোনো ভুল করেননি বলে দাবি করেন। তাঁর ভাষ্য, এলাকায় মাদক নির্মূলের অংশ হিসেবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই সেখানে গিয়েছিলেন। আত্মরক্ষার প্রয়োজনে নিজের লাইসেন্স করা অস্ত্র কিছু সময়ের জন্য প্রদর্শন করেছিলেন, পরে সেটি আবার নিরাপদে রাখেন।

এ ঘটনায় তিনি কোনো অন্যায় করেননি বলে প্রধানমন্ত্রীর সামনেও নিজের অবস্থান তুলে ধরেছেন বলে জানান ইশরাক। তবে অতীতের রাজনৈতিক কর্মকাণ্ডে পরিস্থিতি বা বক্তব্যের কারণে অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকতে পারে বলেও স্বীকার করেন তিনি।

নিজের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে ইশরাক বলেন, তিনি কারও অন্ধ পরামর্শে রাজনীতি করেন না। বিভিন্নজনের মতামত শুনলেও ইতিবাচক ও কৌশলগতভাবে কার্যকর মনে হলেই তা গ্রহণ করেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিজেই নেন এবং সেই সিদ্ধান্তের দায়ভার নিতেও প্রস্তুত থাকেন বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!