ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মিয়ানমারে পাচারের সময় ১৫ টন সারসহ ট্রাক জব্দ, আটক ১

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩০, ৭ নভেম্বর ২০২৬
মিয়ানমারে পাচারের সময় ১৫ টন সারসহ ট্রাক জব্দ, আটক ১
জোরারগঞ্জ থানা পুলিশের হাতে সারের ট্রাকসহ আটক ১


বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় মিরসরাইয়ে ১৫ টন ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মেহেদী হাসান রোমন (২৫) নামের এক ট্রাকচালককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কচ্ছপিয়া মোড়ে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

জোরারগঞ্জ থানা পুলিশ ও অর্থনৈতিক অঞ্চলের শিল্প পুলিশের যৌথ উদ্যোগে স্থাপিত অস্থায়ী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, চেকপোস্টে ঢাকা মেট্রো-ট-১৫-৮৫০১ নম্বরের একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। সারগুলো নরসিংদীর ঘোড়াশাল থেকে আনা হয়েছে বলে জানা যায়। জব্দ করা ৩০০ বস্তায় মোট ১৫ টন সার রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মিরসরাইয়ের বঙ্গোপসাগরের উপকূলকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে সার পাচারের চেষ্টা করছে একটি চক্র। এর আগেও একই এলাকায় অভিযান চালিয়ে ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুটি ট্রাক জব্দ করেছিল পুলিশ। 

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, সম্প্রতি মিরসরাইয়ের বঙ্গোপসাগরকে সার পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০০ বস্তা ইউরিয়া সার ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মীরসরাই/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!