সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ২১
পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
রোববার (৮ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
সেনেগালের রাজধানী ডাকারের উত্তরে কেবেমের উপকূলে নৌকাটি ডুবে যায়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানায়, শনিবার সন্ধ্যা পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজনকে জীবিত পাওয়া গেছে। নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
উদ্ধারকারী দল সম্ভাব্য জীবিতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। দুর্ঘটনাস্থল পরিদর্শনে সোমবার সেখানে যাওয়ার কথা রয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর।
নৌকাডুবির ঘটনায় শোক প্রকাশ করেছেন সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিয়োমায়ে ফায়ে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, বিপজ্জনক সমুদ্রপথে অভিবাসনের আয়োজনকারীদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। একই সঙ্গে দেশের তরুণদের জন্য নিজ দেশেই কর্মসংস্থান ও উন্নত জীবনের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।
আফ্রিকার পশ্চিম উপকূল থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার আটলান্টিক সমুদ্রপথটি বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসন রুট হিসেবে পরিচিত। উন্নত জীবন ও কর্মসংস্থানের আশায় প্রতিবছর হাজারো মানুষ এই পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন।
স্পেনের মানবাধিকার সংগঠন ওয়াকিং বর্ডারসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম পাঁচ মাসে এই পথে অন্তত ৬৩৫ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। সংগঠনটির হিসাব বলছে, ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানো প্রতি ১০০ জন অভিবাসীর বিপরীতে প্রায় ২১ জনের মৃত্যু হচ্ছে।
এর আগে জুলাইয়ে মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় প্রায় ১৫০ জন মারা যান বা নিখোঁজ হন বলে জানিয়েছিল জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা। ২০২৫ সালের শেষ দিন গাম্বিয়ার উপকূলে ২০০ জনের বেশি অভিবাসীবাহী একটি নৌকা ডুবে যায়। পরে ৪৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)