কৌতুক অভিনেতা পাত্তা দিলেন না অস্কারজয়ী নায়িকাকে
বলিউড হোক বা হলিউড, বিনোদন ভুবনের ছোট ছোট কোনো ঘটনাই নজর এড়ায় না ভক্তদের। নিজের ক্রাশকে সামনে পেয়েও পাত্তা না দিয়ে আলোচনায় জনপ্রিয় কৌতুক অভিনেতা কনর উড। সম্প্রতি অস্কারজয়ী হট অ্যান্ড গ্ল্যামারাস অভিনেত্রী জেনিফার লরেন্স আর কনরকে ঘিরে শুরু হয়েছে নতুন গুঞ্জন।
‘বাজফিড সেলেব’-কে দেওয়া এক সাক্ষাৎকারে কনর উড অকপটে স্বীকার করেন সেই কথা। ‘দ্য হাঙ্গার গেমস’ তারকা জেনিফার লরেন্সই যে তার ক্রাশ, সে কথা অকপটে জানানোর পরই আলোচিত হয় বিষয়টি। কনরের কথা শুনে জেনিফারও উত্তর দিতে দেরি করেননি। সরাসরি সামাজিকমাধ্যমে পোস্টে কমেন্ট করে বসেন, ‘আরে! অষ্টম অ্যাভিনিউতে তো তোমাকে স্মুদি হাতে হাঁটতে দেখেছিলাম, কিন্তু তুমি তো আমাকে পাত্তাই দিলে না!’
মেগা-হিট ফ্র্যাঞ্চাইজির প্রধান নায়িকাকে সামনে দেখেও ‘পাত্তা না দেওয়া’—এই এক কমেন্টেই ইন্টারনেটে আলোচনার ঝড় বয়ে যায়। নিজের ক্রাশকে কনর উড সামনে পেয়েও কেন চিনলেন না, কথা বলার সুযোগ হাতছাড়া করলেন? অবশেষে সেই ‘ঐতিহাসিক পাত্তা না দেওয়ার’ পেছনের হাঁড়ির খবর ফাঁস করলেন ‘ডান্সিং উইথ দ্য স্টারস’ তারকা নিজেই।
‘স্মুদি কিং’-এর সঙ্গে নতুন এক প্রচারণায় অংশ নিয়ে স্মুদি গ্লাসে চুমুক দিতে দিতেই রসিকতার ছলে অপরাধ স্বীকার করেছেন কনর। সম্প্রতি প্রকাশিত এক মজাদার ভিডিওতে জেনিফারের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘সেই দিন অষ্টম অ্যাভিনিউতে হয়তো আমার মন অন্য কোথাও ছিল। ভীষণ অন্যমনস্ক ছিলাম আমি। জীবনের এত বড় শুভ মুহূর্তটা আমি নিজেই হাতছাড়া করে ফেলেছি! এক কথায় ডাব্বা মেরেছি!’
তবে এবার কিন্তু নিজেকে সম্পূর্ণ ‘নতুন মানুষ’ দাবি করছেন এই কমেডিয়ান। লরেন্সের উদ্দেশে একপ্রকার প্রচ্ছন্ন বার্তা দিয়েই স্মুদি হাতে হেসে বললেন, ‘আর ভুল নয়! এবার কিন্তু আমি পুরোপুরি প্রস্তুত। আগের সেই ভুল আর কোনোদিন হবে না। চোখ-কান সব খোলা রাখছি, শরীরকেও একদম ফিট রাখছি!’
জেনিফারের সেই ভাইরাল খোঁচাকে ক্যাশ করতে ভুল করেনি ‘স্মুদি কিং’-ও! তারা কনরের নামে নতুন এক বিশেষ ড্রিংক নিয়ে এসেছে, যার নাম দেওয়া হয়েছে ‘কনরস পেইড মি নো মাইন্ড স্মুদি’।