ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

আদালত চত্বরে সাংবাদিককে গালাগাল, বিতর্কে পরীমনি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৪, ৫ নভেম্বর ২০২৬
আদালত চত্বরে সাংবাদিককে গালাগাল, বিতর্কে পরীমনি
আদালত প্রাঙ্গণে পরীমনি। ছবি: সংগৃহীত

মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় জামিন নিতে আদালতে গিয়ে সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতিতে জড়িয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি। পেশাগত দায়িত্ব পালনের সময় এক সাংবাদিক তাঁর গায়ে হাত দিয়েছেন—এমন অভিযোগ তুলে অন্য সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় ওই সাংবাদিককে অশ্রাব্য ভাষায় গালাগাল ও দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকার আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আদালত চত্বরে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ অবস্থায় পরীমনি অন্য সাংবাদিকদের বলছেন, ‘তোমাদের সাংবাদিকদের মধ্যে একটা ছেলে আমার গায়ে হাত দিয়েছে। তোমাদের ক্যামেরায় ফুটেজ আছে না? তোমরা ফুটেজ দেখে ওই ছেলেটাকে খুঁজে বের করবা!’

ভিডিওতে তাঁকে ওই সাংবাদিককে উদ্দেশ করে গালাগাল করতেও শোনা যায়। তবে ঘটনাটির পুরো প্রেক্ষাপট ও অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে একই দিন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন পরীমনি। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান ৫০০ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (৪ নভেম্বর) মামলার ধার্য তারিখে আদালতে হাজির না হওয়ায় পরীমনির জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। বৃহস্পতিবার আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে এই ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।

উল্লেখ্য, ২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে বোট ক্লাবের সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন।

মামলার অন্য দুই আসামি হলেন পরীমনির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি এবং জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!