ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

‘তেরি সেক্সি বিউটি’ নিয়ে সমালোচনার মুখে সালমান

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:২৪, ৫ নভেম্বর ২০২৬
‘তেরি সেক্সি বিউটি’ নিয়ে সমালোচনার মুখে সালমান
সালমান খান ছবি: সংগৃহীত

১১ বছর পর প্লেব্যাক গানে ফিরেছেন বলিউড অভিনেতা সালমান খান। তবে নতুন গান ‘তেরি সেক্সি বিউটি’ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও ট্রলের মুখে পড়েছেন তিনি।

দেশাত্মবোধক সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর রোমান্টিক গানটির কথা ও উপস্থাপনা নিয়ে আপত্তি তুলেছেন দর্শকদের একাংশ। তাদের প্রশ্ন, গালওয়ান উপত্যকায় ভারত-চীন সংঘর্ষ ও ভারতীয় সেনাদের আত্মত্যাগের ঘটনা নিয়ে নির্মিত সিনেমায় এমন রোমান্টিক পার্টি গান কতটা মানানসই?

গত ৪ নভেম্বর প্রকাশিত গানটিতে সালমান খানের সঙ্গে দেখা গেছে অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংকে। ভিডিওতে দুজনকে ঘনিষ্ঠ মুহূর্তে, পানীয় হাতে এবং নাচতে দেখা যায়। চিত্রাঙ্গদাকে লাল শাড়িতে পর্দায় হাজির হতে দেখা গেছে।

গানটিতে সালমানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুসকান। অতিরিক্ত কণ্ঠ দিয়েছেন সাজিদ খান।

গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। এক ব্যবহারকারী গালওয়ান সংঘর্ষে নিহত সেনাদের আত্মত্যাগের প্রসঙ্গ টেনে গানের মদ্যপান ও নারীর সৌন্দর্যবিষয়ক কথার সমালোচনা করেছেন। আরেকজনের মতে, এমন সংবেদনশীল সামরিক ঘটনা নিয়ে নির্মিত সিনেমায় দেশাত্মবোধক গানই বেশি প্রত্যাশিত।

গানটির কথা ও সালমানের গায়কিও সমালোচনার মুখে পড়েছে। কেউ কেউ রসিকতা করে প্রশ্ন তুলেছেন, গানটির কথা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে লেখা হয়েছে কি না। আবার কারও মন্তব্য, এমন গান সালমানের দীর্ঘদিনের ক্যারিয়ারের ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে।

তবে নেতিবাচক প্রতিক্রিয়ার পাশাপাশি ইতিবাচক মন্তব্যও এসেছে। সালমানের কয়েকজন ভক্ত গানটির সুরের প্রশংসা করেছেন এবং দীর্ঘ বিরতির পর তার প্লেব্যাক গানে ফেরাকে স্বাগত জানিয়েছেন।

সালমান নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি প্রকাশের খবর জানান। সেখানে সকালের ফ্লাইট, দুই পেগ পানীয় এবং নিজের ‘সেক্সি বিউটি’ নিয়ে মজার ছলে একটি ক্যাপশন লেখেন তিনি।

গালওয়ান সংঘর্ষ নিয়ে সালমানের সিনেমা

‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমাটির আগের নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। ২০২০ সালের জুনে ভারত-চীন সীমান্তের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাদের সংঘর্ষের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ছবিটি।

সিনেমায় ভারতীয় সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। তার স্ত্রীর ভূমিকায় রয়েছেন চিত্রাঙ্গদা সিং। গালওয়ান সংঘর্ষে নিহত কর্নেল বিক্কুমাল্লা সন্তোষ বাবুসহ ২০ ভারতীয় সেনার আত্মত্যাগের ঘটনাও ছবিটির প্রেক্ষাপটের অংশ।

নতুন গান ঘিরে বিতর্কের পর সিনেমার মূল বিষয়বস্তুর সঙ্গে রোমান্টিক উপাদান কতটা সামঞ্জস্যপূর্ণ হবে, তা নিয়েও দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!