ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

নাগরিকদের সব তথ্য এক প্ল্যাটফর্মে আনছে সরকার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:০৯, ৫ নভেম্বর ২০২৬
নাগরিকদের সব তথ্য এক প্ল্যাটফর্মে আনছে সরকার
সংগৃহীত ছবি

দেশের নাগরিকদের বিচ্ছিন্ন ডিজিটাল পরিচয় ও তথ্যভাণ্ডার এক ছাতার নিচে আনতে ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে নিজস্ব বাংলা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই তৈরি এবং সাইবার নিরাপত্তা জোরদারে কাজ চলছে।

সোমবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন সেন্টার ফর টেকনোলজি জার্নালিজমের (সিটিজে) সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান আইসিটি সচিব ড. মো. মামুনুর রশিদ ভুঁঞা।

তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্মনিবন্ধন ও ট্যাক্স ফাইলসহ নাগরিকদের বিভিন্ন সরকারি তথ্যভাণ্ডার সমন্বয় করে একটি প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা করা হচ্ছে। এতে তথ্যের অপব্যবহার ও জালিয়াতি কমানো সম্ভব হবে।

সাইবার নিরাপত্তা জোরদারে সাইবার সিকিউরিটি এজেন্সিতে ১২০ জন জনবল নিয়োগের কার্যক্রম চলছে বলেও জানান তিনি।

এ ছাড়া দেশের নিজস্ব বাংলা এআই মডেল, শেয়ারড জিপিইউ অবকাঠামো এবং আগামী ডিসেম্বরের মধ্যে সব সেতু ও টোল প্লাজার জন্য ইউনিফায়েড ডিজিটাল টোল সিস্টেম চালুর পরিকল্পনার কথা জানান সচিব।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সার্টিফিকেশন ছাড়া আইসিটি বিভাগ আর কোনো প্রশিক্ষণ দেবে না। প্রযুক্তি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!