ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আশুলিয়ায় আবারও শ্রমিক বিক্ষোভ, শতাধিক কারখানায় ছুটি

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৭, ৫ নভেম্বর ২০২৬
আশুলিয়ায় আবারও শ্রমিক বিক্ষোভ, শতাধিক কারখানায় ছুটি
সংগৃহীত ছবি

বেতন বৃদ্ধির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আশুলিয়ার পোশাকশিল্প এলাকা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে কারখানায় হাজিরা দিয়েই কর্মস্থল ছেড়ে বিক্ষোভে নামেন শ্রমিকদের একটি অংশ। পরে আশপাশের বিভিন্ন কারখানায়ও ছড়িয়ে পড়ে অসন্তোষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের অন্তত ৭০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একপর্যায়ে শ্রমিকরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে যান চলাচল ব্যাহত হয়।

সকাল ৮টার দিকে শ্রমিকরা নিজ নিজ কারখানায় প্রবেশ করে কার্ড পাঞ্চের মাধ্যমে হাজিরা নিশ্চিত করেন। এরপর কর্মস্থল থেকে বেরিয়ে অন্য কারখানার শ্রমিকদেরও বিক্ষোভে যোগ দিতে আহ্বান জানান।

শ্রমিকদের দাবি, আগামী ডিসেম্বরে মজুরি বাড়ানোর কথা থাকলেও কত টাকা বাড়ানো হবে, তা এখনো নির্দিষ্ট করা হয়নি। এ অনিশ্চয়তা থেকেই তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

এদিকে বুধবারের সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনার পর সাভার শিল্পাঞ্চলে পরিস্থিতি তুলনামূলক শান্ত রয়েছে। তবে নতুন করে বিক্ষোভের আশঙ্কায় আশুলিয়ায় পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভুঁইয়া জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!