ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রধানমন্ত্রীর সফরের দিনেই খুলনায় বিএনপি নেতার ছেলে খুন

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২২, ৫ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সফরের দিনেই খুলনায় বিএনপি নেতার ছেলে খুন
নিহত তরিকুল ইসলাম

খুলনার ডুমুরিয়া উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় একটি চায়ের দোকানের ভেতরে ঢুকে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে গফফারের চায়ের দোকানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম শেখ ডুমুরিয়া উপজেলার ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখের ছেলে।

স্থানীয়রা বলেন, নিহত ঘের ব্যবসায়ী তরিকুল ইসলাম কয়েকজন বন্ধুর সঙ্গে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় দুজন যুবক মোটরসাইকেলে এসে চায়ের দোকানে থাকা তরিকুলকে লক্ষ্য করে মাথায় গুলি করে। এতে ঘটনাস্থলেই নিহত হন তরিকুল। এ সময় দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে খুলনা-দৌলতপুর সড়ক হয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তবে কী কারণে এবং কারা তাকে গুলি করে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত বলা যাবে।

খুলনা জেলার পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছি। কী কারণে তাকে গুলি করা হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ।

 

ডেইলি-বাংলাদেশ/খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!