ফেরমিনের জোড়া গোলে অ্যাতলেটিকোকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা
লা লিগায় শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বার্সেলোনা। ফেরমিন লোপেজের জোড়া গোলে রোববার রাতে অ্যাতলেটিকো মাদ্রিদকে ২-১ ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পাওয়া এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে তিন পয়েন্টের ব্যবধান তৈরি করেছে বার্সা।
ম্যাচের শুরুতেই জুলিয়ানো সিমিওনের গোলে এগিয়ে যায় অ্যাতলেটিকো। তবে প্রথমার্ধের শেষ দিকে সমতাসূচক গোল করেন ফেরমিন লোপেজ। বিরতির পর ৬৬ মিনিটে লামিনে ইয়ামালের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করে বার্সেলোনার জয় নিশ্চিত করেন ২৩ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডার।
এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা। শনিবার ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল রিয়াল। তৃতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ বার্সেলোনার চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে রয়েছে।
মেট্রোপলিটানো স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। ম্যাচের প্রথম দিকেই জুলিয়ান আলভারেজের প্রচেষ্টা ঠেকিয়ে দেয় বার্সেলোনার রক্ষণভাগ। পরে মার্ক পুবিলের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। অন্য প্রান্তে লামিনে ইয়ামালের পাস থেকে পেদ্রির শটও পোস্টে বাধা পায়।
১০ মিনিটে আলভারেজের ক্রস থেকে কাছ থেকে বল জালে পাঠিয়ে অ্যাতলেটিকোকে এগিয়ে দেন জুলিয়ানো সিমিওনে। এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। আলভারেজের একটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন বার্সার গোলরক্ষক হোয়ান গার্সিয়া।
ম্যাচে ফিরতে লড়াই করা বার্সেলোনা প্রথমার্ধের শেষ দিকে সমতা আনে। বক্সের সামনে ফেরমিনের পথ আটকে দেওয়া হলেও ফিরতি বল পেয়ে জোরালো শটে গোল করেন তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের সুযোগ নষ্ট করেন আলভারেজ। গোলরক্ষকের ওপর দিয়ে বল তুলে দিলেও তা ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পরই ইয়ামালের বুদ্ধিদীপ্ত পাস থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় গোল করেন ফেরমিন। লা লিগায় চলতি মৌসুমে ১১ ম্যাচে এটি তার সপ্তম গোল।
ম্যাচ শেষে ফেরমিন বলেন, গত মৌসুমে অ্যাতলেটিকোর কাছে চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রের লড়াইয়ে হারের পর এই ম্যাচটি তাদের জন্য কঠিন হবে, তা তারা জানতেন। শুরুতে পিছিয়ে পড়লেও দল ঘুরে দাঁড়াতে পেরেছে বলে সন্তোষ প্রকাশ করেন তিনি।
বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক বলেন, বড় ম্যাচ জয়ের মতো সামর্থ্য তার দলের রয়েছে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে খেলোয়াড়েরা দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। অন্যদিকে অ্যাতলেটিকো কোচ দিয়েগো সিমিওনে দলের খেলায় সন্তুষ্টি প্রকাশ করলেও উন্নতির প্রয়োজনীয়তার কথা স্বীকার করেন।
এদিকে দিনের অন্য ম্যাচে রিয়াল বেতিস ২-০ গোলে এলচেকে হারিয়েছে। রায়ো ভায়েকানোকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদ। গেতাফেকে ২-০ গোলে হারিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে ভিয়ারিয়াল। সেল্তা ভিগো ও লেভান্তের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে।