ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

৭৪০ কোটি ডলার কমল জেনসেন হুয়াংয়ের সম্পদ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৭, ১০ নভেম্বর ২০২৬
৭৪০ কোটি ডলার কমল জেনসেন হুয়াংয়ের সম্পদ
এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং/ ফাইল ছবি: এএফপি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং এবার ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কে জড়িয়েছেন। এক ব্যবসায়ী নারীর সঙ্গে সম্পর্কের খবর প্রকাশের পর স্ত্রী লরি হুয়াংয়ের কাছে অবিশ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছেন তিনি। ওই নারী চীনের হয়ে তথ্য সংগ্রহ করছিলেন কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো।

এ বিতর্কের মধ্যেই এনভিডিয়ার শেয়ারের দরপতন এবং বাজারের অস্থিরতার প্রভাবে জেনসেনের ব্যক্তিগত সম্পদ একপর্যায়ে ৭৪০ কোটি ডলার কমে যায় বলে জানিয়েছে ফোর্বস।

ফোর্বসের হিসাব অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় তার সম্পদের পরিমাণ কমে দাঁড়ায় ১৫ হাজার ৪৭০ কোটি ডলারে। এর ফলে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় অষ্টম স্থান থেকে দশম স্থানে নেমে যান তিনি।

ধনীদের তালিকায় দুই ধাপ পতন

ফোর্বসের তথ্য অনুযায়ী, ৯ নভেম্বর লেনদেন শুরুর আগে জেনসেন হুয়াংয়ের সম্পদের পরিমাণ ছিল প্রায় ১৬ হাজার ২২০ কোটি ডলার। তবে লেনদেন শুরুর আধা ঘণ্টার মধ্যেই তা কমে ১৫ হাজার ৪৭০ কোটি ডলারে নেমে আসে।

এতে ধনীদের তালিকায় তার ওপরে উঠে যান বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান ওয়ারেন বাফেট এবং ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন।

এর আগেও প্রযুক্তি খাতের শেয়ারবাজারে দরপতনের কারণে জেনসেনের সম্পদ কমেছিল। ব্লুমবার্গের বিলিয়নিয়ার সূচক অনুযায়ী, ৬ নভেম্বর তার সম্পদের পরিমাণ ছিল ১৫ হাজার ৯০ কোটি ডলার। এর আগে এক দফায় তার সম্পদ কমেছিল ১ হাজার ৫১০ কোটি ডলার।

বাজার বিশ্লেষকদের মতে, এনভিডিয়ার শেয়ারের দর ওঠানামার পাশাপাশি জেনসেনকে ঘিরে ব্যক্তিগত বিতর্ক ও গোয়েন্দা তদন্তের খবর বিনিয়োগকারীদের মধ্যে প্রভাব ফেলতে পারে।

সম্পর্ক নিয়ে তদন্ত করছে এনভিডিয়া

জেনসেন হুয়াংয়ের সঙ্গে এক ব্যবসায়ী নারীর সম্পর্কের খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় জাতীয় নিরাপত্তা বা কোম্পানির গোপন তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন কোনো প্রমাণ তাদের কাছে নেই।

জেনসেনও তদন্তে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হওয়ার কথা স্বীকার করেন তিনি। একই সঙ্গে স্ত্রী ও সন্তানদের কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চান।

তবে তদন্ত চললেও এনভিডিয়ার প্রধান নির্বাহী হিসেবে জেনসেন হুয়াং দায়িত্ব পালন করে যাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!