রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় অগ্রগতির আশা ট্রাম্পের
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র জোরালো উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, দীর্ঘদিন ধরে যুদ্ধ চালিয়ে দুই দেশই ক্লান্ত হয়ে পড়েছে। তাই যুদ্ধ বন্ধে চলমান আলোচনায় অগ্রগতির আশা করছে ওয়াশিংটন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এ বিষয়ে ভালো আলোচনা হচ্ছে। মঙ্গলবার থেকে সেখানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা শুরু হওয়ার কথা।
২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের সময়ই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার হামলা শুরুর পর থেকে চলা যুদ্ধ এখনো বন্ধ হয়নি।
ট্রাম্প বলেন, ‘রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধের ব্যাপারেও আমরা খুব জোরালো আগ্রহ দেখতে পাচ্ছি। আমরাও এ প্রক্রিয়ায় যুক্ত আছি।’
সোমবার যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, আবুধাবির বৈঠকের আগে ভূখণ্ড নিয়ে সমঝোতার বিষয়ে রাশিয়া ও ইউক্রেন—দুই পক্ষই ব্যক্তিগত পর্যায়ে কিছুটা নমনীয় মনোভাব দেখিয়েছে। আলোচনায় ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসবে। এ ক্ষেত্রে ন্যাটোর চুক্তির পঞ্চম অনুচ্ছেদের মতো প্রতিরক্ষা নিশ্চয়তা দেওয়ার বিষয়টিও আলোচনায় থাকতে পারে।
তবে ভূখণ্ড নিয়ে দুই দেশের অবস্থানে এখনো বড় ধরনের পার্থক্য রয়েছে। ইউক্রেন চায়, রাশিয়ার সেনারা দুই দেশের আগের সীমান্তে ফিরে যাক। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুরো দনবাস অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিতে চান।
যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা জানান, ব্যক্তিগত আলোচনায় দুই পক্ষই সমঝোতার কিছু সুযোগ দেখছে। তাঁর মতে, যুদ্ধ-পরবর্তী নিরাপত্তাব্যবস্থাসহ অন্যান্য বিষয়ে সমঝোতা হলে আলোচনার শেষ পর্যায়ে ভূখণ্ড নিয়ে চুক্তি হতে পারে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বলেছেন, যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সাফল্য এবং রাশিয়ার বাড়তে থাকা ক্ষয়ক্ষতি আলোচনায় কিয়েভের অবস্থান শক্তিশালী করছে। গত ফেব্রুয়ারির পর এবারই প্রথম যুদ্ধ বন্ধের লক্ষ্যে দুই দেশের মধ্যে আলোচনা হতে যাচ্ছে। আবুধাবিতে দুই দিন ধরে এ আলোচনা চলার কথা।
আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা জানান, আলোচনা শেষে তাঁরা রাশিয়ায় গিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন। তবে পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে বলে মনে করছেন তিনি। একই সঙ্গে আলোচনায় অগ্রগতির বিষয়ে যুক্তরাষ্ট্র সতর্কভাবে আশাবাদী।
এদিকে সাম্প্রতিক কয়েকটি ইস্যুতে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। রাশিয়া থেকে ডিজেল কেনা, কিছু নিষেধাজ্ঞা স্থগিত করা এবং রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধে ইউক্রেনকে ট্রাম্পের আহ্বান জানানো নিয়ে দুই নেতার মধ্যে বিরোধ তৈরি হয়েছে। এ ছাড়া জেলেনস্কিকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার আহ্বানও জানিয়েছেন ট্রাম্প।
যুদ্ধের সম্মুখসারিতে গত কয়েক মাসে তেমন কোনো পরিবর্তন আসেনি। প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ যুদ্ধক্ষেত্রের প্রায় ৭৭৫ মাইলজুড়ে দুই দেশের সেনারা অবস্থান করছে। ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড এখনো রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।