ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৬ হাজার ৫০০ কোটি টাকার দুই প্রকল্প

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:৩১, ১০ নভেম্বর ২০২৬
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৬ হাজার ৫০০ কোটি টাকার দুই প্রকল্প
সংগৃহীত ছবি

দেশের সামাজিক ও পল্লী অবকাঠামো উন্নয়নে প্রায় ৬ হাজার ৫০০ কোটি টাকার দুটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্প দুটির মাধ্যমে একদিকে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন, অন্যদিকে গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের কাজ করা হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে প্রকল্প দুটি বাস্তবায়িত হবে। এগুলো হলো—সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এসআইডিপি) এবং অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (আইআরআইডিপি-৩)।

গত ৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্প দুটি অনুমোদন দেওয়া হয়।

এর মধ্যে সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫৬৫ কোটি ৫৯ লাখ টাকা। ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে। দেশের সব এলাকায়, সিটি করপোরেশনসহ, প্রকল্পটি বাস্তবায়িত হবে।

প্রকল্পের আওতায় প্রায় ৫৩ হাজার ডিপিপিভুক্ত স্কিম অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে সারাদেশের মসজিদ, মন্দির, ঈদগাহ, কবরস্থান, প্যাগোডা, গুরুদুয়ারা, শ্মশান ও গির্জার অবকাঠামোগত উন্নয়ন করা হবে।

প্রকল্প ব্রিফ অনুযায়ী, প্রতিটি ইউনিয়ন, পৌরসভা এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। সংসদীয় আসনের অধীন এসব এলাকার উন্নয়নকাজে সংসদ সদস্যদের ডিও লেটারের ভিত্তিতে অগ্রাধিকার বিবেচনায় অর্থ ব্যয় করা যাবে।

অন্যদিকে, অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (আইআরআইডিপি-৩)-এর তৃতীয় সংশোধনীর আওতায় প্রতিটি সংসদীয় আসনের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ অর্থ দিয়ে গ্রামীণ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ ও উন্নয়ন, সেতু ও কালভার্ট নির্মাণ এবং বিদ্যমান সড়ক রক্ষণাবেক্ষণ করা হবে।

প্রকল্পের আওতায় ১৫৭ দশমিক ২৫ কিলোমিটার উপজেলা সড়ক, ৮৩৩ দশমিক ৯০ কিলোমিটার ইউনিয়ন সড়ক এবং ৭ হাজার ৯৮৪ দশমিক ৬০ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ৮৯৬ দশমিক ১৬ কিলোমিটার গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ, ১২ হাজার ৭৪ দশমিক ১৪ মিটার সড়ক অবকাঠামো নির্মাণ, ৮০টি হাটবাজারের উন্নয়ন এবং ৩ হাজার কিলোমিটার সড়কে বৃক্ষরোপণের পরিকল্পনা করা হয়েছে।

পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পটি ২০২০ সালের জুনে প্রথম অনুমোদনের সময় ব্যয় ধরা হয়েছিল ৬ হাজার ৪৭৬ কোটি ৬৫ লাখ টাকা। বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছিল ২০২০ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত। প্রথম সংশোধনীতে ব্যয় বাড়িয়ে ৬ হাজার ৫২৬ কোটি ৫৫ লাখ টাকা করা হয় এবং মেয়াদ বাড়ানো হয় ২০২৬ সালের জুন পর্যন্ত। পরে দ্বিতীয় সংশোধনীতে ব্যয় অপরিবর্তিত রেখে মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়।

প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো গ্রামীণ যোগাযোগ নেটওয়ার্ক উন্নত করে কৃষি ও অকৃষি পণ্যের উৎপাদন ব্যয় কমানো এবং বাজারজাতকরণ সহজ করা। পাশাপাশি পল্লী অঞ্চলের মানুষের আয় বাড়ানো, প্রত্যন্ত গ্রামকে নিকটবর্তী গ্রোথ সেন্টার, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপজেলা ও জেলা সদরের সঙ্গে যুক্ত করা। এ প্রকল্পের মাধ্যমে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যও রয়েছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রকল্প দুটি বাস্তবায়িত হলে গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত সক্ষমতা বাড়বে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস এবং সামাজিক সম্প্রীতি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।

সুত্র : বাসস

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!