রমজান সামনে রেখে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকির সুবিধা
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারদর সহনীয় পর্যায়ে রাখতে ১০টি পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ সুবিধার আওতায় আমদানিকারকরা পণ্য হাতে পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে মূল্য পরিশোধ করতে পারবেন।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানিতে এ সুবিধা পাওয়া যাবে। সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণের (বায়ার্স ক্রেডিট) মাধ্যমে ব্যবসায়ীরা এসব পণ্য আমদানি করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, প্রতিবছর রমজানে যেসব ভোগ্যপণ্যের চাহিদা বেশি থাকে, সেগুলোর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমদানিকারকরা যাতে আগেভাগে পণ্য আমদানির উদ্যোগ নিতে পারেন, সে জন্য ব্যাংকগুলোকে ৯০ দিন পর্যন্ত বায়ার্স ক্রেডিট বা সাপ্লায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ আমদানির বিপরীতে ৯০ দিন পর মূল্য পরিশোধ করা যাবে।
তিনি বলেন, রমজানকে কেন্দ্র করে মানুষের ওপর দ্রব্যমূল্যের বাড়তি চাপ তৈরি হোক, তা তাঁরা চান না। সাধারণ মানুষ যাতে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন, সে লক্ষ্যেই এ সার্কুলার জারি করা হয়েছে। আমদানিকারকরা এখন থেকেই উদ্যোগ নিলে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।
আরিফ হোসেন খান আরও বলেন, পণ্যের চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি তৈরি হলে দাম বেড়ে যায়। তাই রমজানের আগেই আমদানির সুযোগ দেওয়া হয়েছে। আমদানিকারকরা পর্যাপ্ত পরিমাণে পণ্য আনতে পারলে বাজারে ঘাটতি তৈরি হবে না এবং মূল্যবৃদ্ধির চাপও কমানো সম্ভব হবে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, রমজানে প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বাণিজ্যিকভাবে আমদানির ক্ষেত্রে এ সুবিধা দেওয়া হয়েছে। এর ফলে আমদানিকারকরা পণ্য আমদানির সময় পুরো মূল্য পরিশোধ না করে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে তা পরিশোধ করতে পারবেন।
সার্কুলারে আরও বলা হয়, গত ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নম্বর ৩০-এর পার্ট-ডি-এর ১(১) অনুচ্ছেদে নির্দিষ্ট কিছু পণ্য বিলম্বিত মূল্য পরিশোধের শর্তে আমদানির সুযোগ দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে রমজান সামনে রেখে গুরুত্বপূর্ণ খাদ্যপণ্য আমদানিতে এ সুবিধা সম্প্রসারণ করা হয়েছে।
এ বিষয়ে আগের সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। পাশাপাশি অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে তাদের সংশ্লিষ্ট গ্রাহকদের নতুন নির্দেশনা সম্পর্কে অবহিত করতে বলা হয়েছে।