রোহিঙ্গাদের টেকসই ও সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারি। বুধবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন, সীমান্ত নিরাপত্তা এবং রোহিঙ্গা শিবিরগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দাপ্তরিক নথিপত্রে রোহিঙ্গার সংখ্যা কম দেখানো হলেও বাস্তবে বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক এই জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। তিনি বলেন, আন্তর্জাতিক সব প্রচেষ্টার মূল লক্ষ্য হওয়া উচিত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করা।
এ ছাড়া আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত মামলার রায় ঘোষণার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারি দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক আশ্রয় ও সেবা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত ঐতিহাসিক মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরেন। পাশাপাশি প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরি এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সহযোগীরা কাজ করছে বলে জানান।
বৈঠকে রোহিঙ্গা শিবিরসংলগ্ন এলাকায় মাদক ও অস্ত্র পাচার এবং সাইবার অপরাধ দমনে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।
এ ছাড়া চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রভাবশালী দেশগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির প্রয়োজনীয়তার কথা উঠে আসে বৈঠকে।
সাক্ষাৎকালে জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সফরসঙ্গী টমাস হুনেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।