নিবন্ধন বিভাগের উন্নয়নে বিআরএসএ’র উদ্যোগ, আইনমন্ত্রীর কাছে ছয় দফা দাবি
নতুন নিয়োগবিধি প্রণয়ন, বিসিএস (রেজিস্ট্রেশন) ক্যাডার সৃষ্টির উদ্যোগ, ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প এবং আইন সংশোধনসহ নিবন্ধন বিভাগের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন (বিআরএসএ)। বর্তমান কার্যনির্বাহী পরিষদের ধারাবাহিক প্রচেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের ফলে দীর্ঘদিনের কয়েকটি দাবি বাস্তবায়নের পথে এগিয়েছে। তবে জনবল, পদোন্নতি ও অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণের বেশ কিছু প্রস্তাব এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে আইনমন্ত্রীর কাছে ছয় দফা দাবি তুলে ধরেন সংগঠনটির মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রমজান খান।
বিশেষ অতিথি ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস ও এস এম এরশাদুল আলম এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ।
অনুষ্ঠানে মহাসচিব সংগঠনের বিভিন্ন অর্জন ও চলমান উদ্যোগ তুলে ধরার পাশাপাশি ছয় দফা দাবি পেশ করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে দেশের ৬১টি জেলা সদরে সিনিয়র সাব-রেজিস্ট্রার পদ সৃষ্টি, বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাসে সাব-রেজিস্ট্রারের স্থায়ী পদ তৈরি, জেলা রেজিস্ট্রারদের জন্য সরকারি গাড়ি, নিবন্ধন অধিদপ্তরের নিজস্ব প্রশিক্ষণ একাডেমি স্থাপন, সাব-রেজিস্ট্রার কার্যালয়ে প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং দলিল লেখক, নকলনবিশ ও উমেদারদের সুযোগ-সুবিধা বাড়ানো।
নিয়োগবিধি প্রণয়ন ও গেজেট প্রকাশ
সংগঠনটির অন্যতম উল্লেখযোগ্য অর্জন নিবন্ধন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নিয়োগবিধি প্রণয়ন ও গেজেট প্রকাশ। দীর্ঘদিনের দাবি ও প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় নিয়োগবিধি হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে আইন ও বিচার বিভাগ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় প্রস্তাব উপস্থাপন করে সংগঠনটি।
এর ধারাবাহিকতায় ১৯ অক্টোবর ২০২৫ তারিখে ‘নিবন্ধন অধিদপ্তর (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগবিধি, ২০২৫’ গেজেট আকারে প্রকাশিত হয়। সংগঠনটির মতে, নতুন নিয়োগবিধি নিবন্ধন বিভাগের প্রশাসনিক কাঠামো ও জনবল ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি।
বিসিএস (রেজিস্ট্রেশন) ক্যাডার সৃষ্টির উদ্যোগ
নিবন্ধন বিভাগের পেশাগত দক্ষতা ও প্রশাসনিক সক্ষমতা বাড়াতে বিসিএস (রেজিস্ট্রেশন) ক্যাডার সৃষ্টির উদ্যোগ নিয়েছে বিআরএসএ। এ লক্ষ্যে ১৬ মে ২০২৬ তারিখে আয়োজিত কর্মশালায় একটি প্রস্তাব উপস্থাপন করা হয়। পরবর্তী সময়ে আইন ও বিচার বিভাগের মাধ্যমে ৫৫১টি পদ ক্যাডারভুক্ত করা এবং কর্মরত কর্মকর্তাদের ওই ক্যাডারে অন্তর্ভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়।
সংগঠনটির প্রত্যাশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে নিবন্ধন বিভাগের কর্মকর্তাদের পেশাগত পরিচয়, পদোন্নতি এবং কর্মজীবনের কাঠামো আরও সুসংহত হবে।
ভূমি নিবন্ধন ব্যবস্থাপনায় অটোমেশন
নিবন্ধন সেবা আধুনিক, সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে ‘ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’ গ্রহণ আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। ১০ নভেম্বর ২০২৫ তারিখে প্রকল্পটি অনুমোদিত হয়। পরবর্তী সময়ে এটি প্রশাসনিক অনুমোদনও লাভ করে। বর্তমানে প্রকল্পটির বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে দলিল উপস্থাপন, গ্রহণ ও নিবন্ধনসহ সংশ্লিষ্ট কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়বে। এতে সেবাপ্রার্থীদের সময় ও ভোগান্তি কমার পাশাপাশি নিবন্ধনসংক্রান্ত তথ্যের নিরাপত্তা এবং সরকারি রাজস্ব আদায়ের স্বচ্ছতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
আইন সংশোধনেও ভূমিকা
নিবন্ধন আইন, ১৯০৮ সংশোধনের ক্ষেত্রেও সংগঠনটির ভূমিকার কথা তুলে ধরা হয়েছে। ১০ এপ্রিল ২০২৬ তারিখে নিবন্ধন (সংশোধন) আইন, ২০২৬ গেজেট প্রকাশিত হয়। এতে দলিল নিবন্ধনের সময়সীমা, বিদেশে সম্পাদিত দলিল দাখিল, নামজারিসংক্রান্ত কাগজপত্রের ভিত্তিতে দলিল নিবন্ধন এবং সাব-রেজিস্ট্রারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবর্তন আনা হয়েছে।
এ ছাড়া দলিল নিবন্ধনে সরকারি রাজস্ব আদায়ের স্বচ্ছতা নিশ্চিত করতে আইনের ৮০ ধারা প্রতিস্থাপন এবং ৬৮(৩) ধারায় সংশোধনের মাধ্যমে ঘাটতি রাজস্ব আদায়ের সুযোগ সৃষ্টি হয়েছে। সংগঠনটির প্রতিবেদনে বলা হয়েছে, এসব সংশোধনীর বিষয়ে দীর্ঘদিনের প্রস্তাব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে বিআরএসএ ভূমিকা রেখেছে।
সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ সংশোধনের ক্ষেত্রেও সংগঠনটির ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। ৬ সেপ্টেম্বর ২০২৬ জাতীয় সংসদে সংশোধনী বিল পাস এবং পরবর্তী সময়ে গেজেট প্রকাশের মাধ্যমে আইনে জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণপূর্বক স্বতন্ত্র দানের বিধান যুক্ত হয়েছে।
পদ সৃষ্টি ও পদোন্নতির সুযোগ বাড়ানোর প্রস্তাব
নিবন্ধন বিভাগের কর্মকর্তাদের পদোন্নতিজনিত হতাশা দূর এবং মাঠপর্যায়ের সেবার মান বাড়াতে বিভিন্ন পদ সৃষ্টির প্রস্তাব দিয়েছে সংগঠনটি। এর মধ্যে রয়েছে নিবন্ধন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ডিআইজিআর ও এআইজিআর পদ সৃষ্টি এবং মাঠপর্যায়ে বিভাগীয় ও জেলা পর্যায়ে নতুন পদ সৃষ্টি।
এ ছাড়া দেশের ৬১টি জেলা সদর ও ২০টি মহানগর কার্যালয়ে সিনিয়র সাব-রেজিস্ট্রারের ৮১টি পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে। সাব-রেজিস্ট্রার কার্যালয়ে রেকর্ড কিপার ও কম্পিউটার অপারেটর পদ সৃষ্টির বিষয়টিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হয়েছে।
যানবাহন ও অবকাঠামোগত সুবিধা
নিবন্ধন অধিদপ্তরের কার্যক্রম পরিচালনায় যানবাহন সংকট নিরসনে প্রধান কার্যালয়ের জন্য পাঁচটি এবং জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের জন্য ৬১টিসহ মোট ৬৬টি গাড়ি অন্তর্ভুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে বিআরএসএ।
অন্যদিকে, নিবন্ধন অধিদপ্তরের জন্য স্থায়ী ভবন নির্মাণের উদ্যোগের পাশাপাশি আপাতত ঢাকার রমনার ইস্কাটন গার্ডেনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনে প্রায় ১২ হাজার বর্গফুট জায়গা ভাড়া নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে নিবন্ধন অধিদপ্তরের কার্যক্রম নতুন ঠিকানায় স্থানান্তরের পথ তৈরি হয়েছে।
বার্ষিক সাধারণ সভায় ছয় দফা দাবি
বার্ষিক সাধারণ সভায় মহাসচিবের উপস্থাপিত ছয় দফা দাবির প্রথমটি হলো দেশের ৬১টি জেলা সদরে সিনিয়র সাব-রেজিস্ট্রার পদ সৃষ্টি। সংগঠনটির বক্তব্য, বর্তমান কাঠামোয় একজন সাব-রেজিস্ট্রারের জেলা রেজিস্ট্রার হতে ২০ থেকে ২৫ বছর সময় লেগে যায়। নতুন পদ সৃষ্টি হলে পদোন্নতির সুযোগ বাড়বে এবং কর্মকর্তাদের দীর্ঘদিনের হতাশা কমবে।
দ্বিতীয় দাবি, বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসে সাব-রেজিস্ট্রারের স্থায়ী পদ সৃষ্টি। এতে প্রবাসীদের পাওয়ার অব অ্যাটর্নি-সংক্রান্ত সেবা সহজ হবে এবং এ বিষয়ে প্রতারণার ঝুঁকি কমবে বলে মনে করে সংগঠনটি।
তৃতীয় দাবিতে জেলা রেজিস্ট্রারদের জন্য সরকারি গাড়ি চাওয়া হয়েছে। সংগঠনটির যুক্তি, অন্যান্য দপ্তরের উপজেলা ও জেলা পর্যায়ের প্রধানরা সরকারি যানবাহনের সুবিধা পেলেও জেলা রেজিস্ট্রাররা এ সুবিধা থেকে বঞ্চিত।
চতুর্থ দাবি, নিবন্ধন অধিদপ্তরের নিজস্ব প্রশিক্ষণ একাডেমি স্থাপন এবং কর্মকর্তাদের দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা। সভায় জানানো হয়, ইতিমধ্যে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় ২৪২ জন কর্মকর্তা প্রশিক্ষণ নিয়েছেন। চলতি অর্থবছরে দেশি-বিদেশি প্রশিক্ষণের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে।
পঞ্চম দাবিতে প্রতিটি সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দশম গ্রেডের একজন কর্মকর্তা এবং একজন নির্দিষ্ট কম্পিউটার অপারেটর নিয়োগের কথা বলা হয়েছে। সংগঠনটির মতে, প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা গেলে কার্যালয়গুলোর দৈনন্দিন কার্যক্রম আরও গতিশীল হবে।
ষষ্ঠ দাবিতে দলিল লেখক, নকলনবিশ ও উমেদারদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়টি তুলে ধরা হয়েছে। দলিল লেখকদের পারিশ্রমিক দলিলপ্রতি পাঁচ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। সংগঠনটির বক্তব্য, বর্তমান পারিশ্রমিক অনেক আগে নির্ধারণ করা হয়েছিল, যা বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ছাড়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে কর্মরত প্রায় ১৬ হাজার নকলনবিশের চাকরি স্থায়ী করার দাবি জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, তাঁদের কেউই স্থায়ীভাবে নিয়োগ পাননি। প্রতিটি কার্যালয়ে দৈনিক ৬০ টাকা পারিশ্রমিকে কাজ করা উমেদারদের পারিশ্রমিকও যুগোপযোগী করার দাবি জানানো হয়েছে।
প্রশিক্ষণ ও সাংগঠনিক কার্যক্রম
পেশাগত দাবি আদায়ের পাশাপাশি সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও সাংগঠনিক কার্যক্রমেও সক্রিয় রয়েছে বিআরএস। সংগঠনের উদ্যোগে বার্ষিক বনভোজন ২০২৫ আয়োজন এবং নিবন্ধন অধিদপ্তরের কর্মশালা ২০২৬ বাস্তবায়নে সহযোগিতা করা হয়েছে। বার্ষিক সাধারণ সভা আয়োজনও সংগঠনের চলমান কার্যক্রমের অংশ। এসব উদ্যোগের মাধ্যমে সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও পেশাগত সংহতি বাড়ানোর চেষ্টা করছে সংগঠনটি।
এ ছাড়া নিবন্ধন অধিদপ্তরকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে রাখার বিষয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ এবং ভূমি মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধন কার্যক্রম নেওয়ার সম্ভাব্য উদ্যোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখে সংগঠনটি।
সব মিলিয়ে নতুন নিয়োগবিধি, বিসিএস (রেজিস্ট্রেশন) ক্যাডার সৃষ্টির উদ্যোগ, আইন সংশোধন, ভূমি নিবন্ধন অটোমেশন, জনবল ও অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণ—বিভিন্ন ক্ষেত্রে বিআরএসএ’র তৎপরতা নিবন্ধন বিভাগের উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে পদ সৃষ্টি, ক্যাডারভুক্তকরণ, যানবাহন ও অন্যান্য প্রস্তাবের পূর্ণ বাস্তবায়ন এখনো সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও অনুমোদনের ওপর নির্ভরশীল।
সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের প্রত্যাশা, অর্জিত অগ্রগতির ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে নিবন্ধন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি সাধারণ মানুষের জন্য আধুনিক, স্বচ্ছ ও হয়রানিমুক্ত নিবন্ধন সেবা নিশ্চিত করা সম্ভব হবে।