দেওয়ানগঞ্জে কাল শুরু হচ্ছে উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্ট
ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা, তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জের ফুটবলকে জাগিয়ে তোলার লক্ষ্যে শুরু হচ্ছে উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।
দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও টুর্নামেন্টের আহ্বায়ক শাহ জহুরুল হোসেন জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের অনুপ্রেরণায় এ টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ১২টি দল অংশ নেবে। এ আয়োজনের মাধ্যমে ইউনিয়ন পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে বলে আশা করা হচ্ছে।
টুর্নামেন্টের সূচি অনুযায়ী, ১৬ নভেম্বর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সোনালী অতীত ও বাহাদুরাবাদ ইউনিয়ন। ১৭ নভেম্বর দেওয়ানগঞ্জ পৌরসভা ও পাররামরামপুর, ১৮ নভেম্বর খেলোয়াড় কল্যাণ সমিতি ও হাতীভাঙ্গা এবং ১৯ নভেম্বর উপজেলা একাদশ ও দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন পরস্পরের মুখোমুখি হবে।
এ ছাড়া ২১ নভেম্বর সোনালী অতীত ও চর আমখাওয়া, ২২ নভেম্বর দেওয়ানগঞ্জ পৌরসভা ও ডাংধরা, ২৩ নভেম্বর খেলোয়াড় কল্যাণ পরিষদ ও চিকাজানী, ২৪ নভেম্বর উপজেলা একাদশ ও চুকাইবাড়ী, ২৫ নভেম্বর বাহাদুরাবাদ ও চর আমখাওয়া, ২৬ নভেম্বর পাররামরামপুর ও ডাংধরা, ২৮ নভেম্বর চিকাজানী ও হাতীভাঙ্গা এবং ২৯ নভেম্বর চুকাইবাড়ী ও দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
চারটি গ্রুপে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী, ৬ ডিসেম্বর প্রথম সেমিফাইনালে ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন ও ‘গ’ গ্রুপ চ্যাম্পিয়ন এবং ৭ ডিসেম্বর দ্বিতীয় সেমিফাইনালে ‘খ’ গ্রুপ চ্যাম্পিয়ন ও ‘ঘ’ গ্রুপ চ্যাম্পিয়ন মুখোমুখি হবে। আগামী ১৬ ডিসেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।
ইতোমধ্যে দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের তীরে ‘আমাদের দেওয়ানগঞ্জ’ চত্বরে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে।