জয়পুরহাটে আলোচনাসভায় ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় সেই নেতা বহিষ্কার
জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ হিসেবে উল্লেখ করে বক্তব্য দেওয়ায় জিয়া পরিষদের পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত রোববার (৮ নভেম্বর) জিয়া পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বকুল ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। পরবর্তীতে সোমবার দুপুরে সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বকুল তাঁর ফেসবুক অ্যাকাউন্টে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।
গত ৭ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বক্তব্য দেওয়ার একপর্যায়ে মারুফ হাসান শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলে সম্বোধন করেন।এতে সভায় উপস্থিত নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁকে ডায়াস থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দলের ভেতরে ও বাইরে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
সংগঠনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মারুফ হাসানের এ ধরনের সংগঠনবিরোধী ও আপত্তিকর শব্দচয়ন সংগঠনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৮ নভেম্বর থেকে তাঁকে সব পদ থেকে বহিষ্কার করা হয়।
বহিষ্কারের চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করে মারুফ হাসান বলেন, তিনি বরাবরই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং মাঝখানে অসুস্থতার কারণে একটু নিষ্ক্রিয় ছিলেন। তাঁর দাবি, সেদিন বক্তব্য দেওয়ার সময় তাঁর কিছু শব্দচয়ন ভুল হয়েছিল, তবে তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।
এদিকে আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ বলার সময় জেলা প্রশাসকের নীরব থাকার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছে জেলা ছাত্রদল। ঘটনার দিন সন্ধ্যায় জেলা প্রশাসকের (ডিসি) প্রত্যাহারের দাবিতে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে আল্টিমেটাম দেয় সংগঠনটি।