কিস্তিতে স্মার্টফোন: প্রশ্নের মুখে পামপে’র ব্যবসায়িক মডেল
স্মার্টফোন কেনার সামর্থ্য না থাকলেও কিস্তিতে ফোন হাতে পাওয়ার সুযোগ দিচ্ছে আর্থিক প্রতিষ্ঠান পামপে। শুরুতে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে ফোন কেনা গেলেও বাকি অর্থ কিস্তিতে পরিশোধ করতে হয়। কিন্তু এই সুবিধার আড়ালে সুদ ও অতিরিক্ত খরচ, কিস্তি দিতে দেরি হলে ফোন লক হয়ে যাওয়া এবং গ্রাহকের ব্যক্তিগত তথ্যের ব্যবহার নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে স্বল্প আয়ের যেসব মানুষ এককালীন টাকা দিয়ে স্মার্টফোন কিনতে পারেন না, তাদের জন্য এই ঋণভিত্তিক ব্যবস্থা দীর্ঘমেয়াদে আর্থিক চাপ তৈরি করছে।
আফ্রিকা ও দক্ষিণ এশিয়া ভিত্তিক বহুজাতিক ফিনটেক ও ডিজিটাল ব্যাংকিং প্রতিষ্ঠান পামপে ২০১৯ সালে নাইজেরিয়ায় যাত্রা শুরু করে। বাংলাদেশে ২০২৪ সাল থেকে এটি বাংলাদেশ ব্যাংকের বিশেষ পাইলট প্রকল্প অনুমোদনের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে কিস্তিতে ফোন কিনতে গ্রাহককে ফোনের মূল্যের অন্তত ১৫ শতাংশ অগ্রিম দিতে হয়। বাকি অর্থ সর্বোচ্চ নয় মাসে কিস্তিতে পরিশোধ করতে হয়। পামপের কিস্তি ব্যবস্থার সবচেয়ে সমালোচিত দিক হলো ফোন লক করার ব্যবস্থা। কিস্তিতে কেনা স্মার্টফোনে স্মার্ট লকিং প্রযুক্তি ব্যবহার করা হয়। নির্ধারিত সময়ে অর্থ পরিশোধ করা না হলেই ফোন লক করে দেয়া হয়। এতে গ্রাহকের জন্য নতুন ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে। কেউ সাময়িকভাবে আয় হারালে, অসুস্থ হলে কিংবা অন্য কোনো আর্থিক সংকটে পড়ে সময় মতো কিস্তি দিতে না পারলে তার ফোন ব্যবহারের সুযোগ বন্ধ করে দেয়া হয়। অথচ স্মার্টফোন এখন অনলাইন শিক্ষা, কর্মসংস্থান, ব্যবসা, ব্যাংকিং ও জরুরি যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। ফলে কিস্তি পরিশোধে সাময়িক ব্যর্থতার কারণে ফোন লক হয়ে গেলে গ্রাহকের দৈনন্দিন জীবনেও এর প্রভাব পরে। অথচ ফোনটি কেনার জন্য অগ্রিম অর্থ দেওয়ার পরও সেটির স্বাভাবিক ব্যবহার করতে পারে না একজন গ্রাহক।
কিস্তিতে ফোন কেনার ক্ষেত্রে গ্রাহকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন—সব কিস্তি পরিশোধের পর ফোনটির জন্য মোট কত টাকা খরচ হবে? শুধু ডাউনপেমেন্ট ও মাসিক কিস্তির অঙ্ক জানানো যথেষ্ট নয়। সুদ, প্রসেসিং ফি, বিলম্ব ফি কিংবা অন্য কোনো চার্জ থাকলে সেগুলোর হিসাবও শুরুতেই গ্রাহককে জানানো হয় না। পামপের এই ব্যবস্থায় মাসিক সুদের হার ও অন্যান্য চার্জ সম্পর্কে গ্রাহক কতটা পরিষ্কার ধারণা পাচ্ছেন, সেটিও যাচাই করা প্রয়োজন। চুক্তির আগে ফোনের নগদ মূল্য, কিস্তির মোট পরিমাণ এবং সব ধরনের ফি একসঙ্গে জানানো হলে গ্রাহক সহজেই তুলনা করতে পারবেন—কিস্তিতে ফোন কেনা তার জন্য কতটা যুক্তিযুক্ত। বিশেষ করে সীমিত আয়ের মানুষের ক্ষেত্রে মাসিক কিস্তি সামান্য মনে হলেও একাধিক মাস ধরে তা পরিশোধ করা অনেকটা কঠিন। আয় অনিয়মিত হলে বা পরিবারের জরুরি খরচ বেড়ে গেলে কিস্তি বকেয়া পড়ার আশঙ্কা থাকে। তখন ফোন লক হওয়ার ঝুঁকির পাশাপাশি আর্থিক চাপও বাড়তে পারে।
পামপের দাবি, নির্ধারিত সময়ে কিস্তি পরিশোধে ব্যর্থতার ক্ষেত্রে বকেয়া কিস্তি আদায়ের জন্য আইএমইআই লকার পদ্ধতি পামপে’র ব্যবহৃত একমাত্র ব্যবস্থা। এ পদ্ধতির আওতায়, গ্রাহক নির্ধারিত সময়ে কিস্তি পরিশোধে ব্যর্থ হলে তার স্মার্টফোনের ব্যবহার সাময়িকভাবে সীমিত করা হয়। ঋণ প্রদানের সময়ই গ্রাহককে এ বিষয়ে বিস্তারিতভাবে অবহিত করা হয় এবং তাদের সম্মতি সাপেক্ষে কিস্তিভিত্তিক ক্রয় কার্যক্রম শুরু হয়। নির্ধারিত সময়ে কিস্তি পরিশোধ না হলে স্মার্টফোনটি স্বয়ংক্রিয়ভাবে সাময়িক সময়ের জন্য লক করা হয়। পরবর্তীতে গ্রাহক কিস্তি পরিশোধ করলে স্মার্টফোনটির লক পুনরায় খুলে দেওয়া হয়। এছাড়া, আইএমইআই লকার পদ্ধতিসংক্রান্ত বিষয়ে পামপে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি ) কাছে একটি লিখিত প্রস্তাবনা জমা দিয়েছে।
পামপের অর্থায়ন কর্মসূচির পক্ষে বলা হচ্ছে, এটি এমন মানুষকে স্মার্টফোন ব্যবহারের সুযোগ দিচ্ছে, যাদের কাছে ক্রেডিট কার্ড নেই বা একবারে ফোন কেনার মতো অর্থ নেই। বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটিকে এক বছরের পরীক্ষামূলক কর্মসূচির আওতায় ১০ হাজার স্মার্টফোন কেনার অর্থায়নের অনুমোদন দেয়। এই উদ্যোগের ঘোষিত উদ্দেশ্য ছিল সীমিত আয়ের মানুষ ও প্রথমবারের স্মার্টফোন ব্যবহারকারীদের ডিজিটাল সেবার আওতায় আনা। কিন্তু প্রতিষ্ঠানটি শুধু মাত্র একটি প্রতিষ্ঠানের তিনটি ব্যান্ডের ফোন ক্রয়ে ঋণ দিচ্ছে। ব্যান্ড তিনটি হলো টেকনো, আইটেল ও ইনফিনিক্স। এতে অনেকে বাধ্য হয়েই ওই কোম্পানির স্মার্টফোন ক্রয় করছেন। এছাড়া একটি ২০ হাজার টাকার ফোন ক্রয়ে একজন গ্রাহককে ফোনটির মূল্যের চেয়ে প্রায় ৪-৬ হাজার টাকা বেশি পরিশোধ করতে হচ্ছে। যেখানে বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্য ছিল সীমিত আয়ের মানুষকে ডিজিটাল সেবার আওতায় আনা, সেখানে তাদের বাড়তি ঋণের বোঝা চাপিয়ে দেয়া হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
কিস্তিতে স্মার্টফোন কেনার সময় গ্রাহকের এনআইডি ও ব্যাংক হিসাবের তথ্য নিয়ে থাকে পামপে। তবে এসব তথ্য কী কাজে ব্যবহার করা হবে, কত দিন সংরক্ষণ করা হবে, কার সঙ্গে ভাগ করা হবে এবং গ্রাহক কীভাবে নিজের তথ্য ব্যবহারের বিষয়ে জানতে পারবেন—এসব বিষয়ও স্বচ্ছ কোনো ব্যবস্থা নেই প্রতিষ্ঠানটির। যেখানে আর্থিক সেবায় ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাতীয় পরিচয়পত্র ও বাংককের তথ্য নেয়ার বিষয়ে প্রতিষ্ঠানটির দাবি, পামপের গ্রাহকের তথ্য বাংলাদেশের সার্ভারে সংরক্ষিত ও রোল-ভিত্তিক অ্যাক্সেস নিয়ন্ত্রণে রাখা হয়। কোর সিস্টেমে প্রবেশ কেবল অনুমোদিত অফিস নেটওয়ার্ক ও অনুমোদিত ইউজারদের জন্য সীমাবদ্ধ। ফলে, বাইরের কারো গ্রাহকদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য অ্যাক্সেস করার সুযোগ নেই। গ্রাহকদের তথ্যের সুরক্ষার ক্ষেত্রে আমাদের ISO/IEC 27001 সার্টিফিকেশন রয়েছে। সমস্ত ডেটাবেইজ, ডিসি, ডিআরসহ সব কিছু বাংলাদেশের অভ্যন্তরে রয়েছে এবং একটি সুদক্ষ কারিগরি টিম দ্বারা পরিচালিত হয়।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদনেও বলা হয়েছে, প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে স্মার্টফোন গুরুত্বপূর্ণ এবং পাইলট কার্যক্রমের লক্ষ্য হলো স্মার্টফোনবিহীন সীমিত আয়ের মানুষকে ডিভাইস ব্যবহারের সুযোগ দেওয়া। কিন্তু বাস্তবে স্মার্টফোন কেনার সক্ষমতা না থাকলে ঋণের মাধ্যমে সেই চাহিদা পূরণ করার ক্ষেত্রে ভোক্তার আর্থিক সক্ষমতা যাচাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে কিস্তির সঙ্গে বড় অঙ্কের সুদ যুক্ত হলে ফোনের প্রকৃত ক্রয়মূল্য কত দাঁড়াচ্ছে, বিলম্ব হলে কী জরিমানা বা অতিরিক্ত খরচ হবে এবং ফোন লক হওয়ার শর্ত কী—এসব বিষয় গ্রাহকের কাছে স্পষ্ট থাকা জরুরি।
পামপের ঋণ সুবিধা নিতে গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি গ্যারান্টারের পরিচয়পত্রও জমা নেয়া হয়। কিছু ক্ষেত্রে ব্যাংক বা আর্থিক বিবরণী এবং ব্যবসায়িক তথ্যও চাওয়া হচ্ছে। ফলে ঋণের শর্ত, তথ্য ব্যবহারের নীতি, গ্যারান্টারের দায় এবং কিস্তি অনাদায়ের পরিণতি সম্পর্কে স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পামপের বাংলাদেশি অ্যাপেও স্মার্টফোন কিস্তিতে কেনা এবং মাসিক পরিশোধের কথা উল্লেখ রয়েছে। অ্যাপটি ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহ করতে পারে বলেও গুগল প্লের তথ্য থেকে জানা যায়। যা ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে পড়তে পারে।