ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নবায়নযোগ্য জ্বালানিতে তরুণদের কর্মসংস্থানের সুযোগ দাবি

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৮, ৯ নভেম্বর ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে তরুণদের কর্মসংস্থানের সুযোগ দাবি
ছবি: ডেইলি বাংলাদেশ

নবায়নযোগ্য জ্বালানিতে তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ: জাতীয় পরিকল্পনা, স্থানীয় দক্ষতার চাহিদা ও খুলনায় তরুণদের জন্য সম্ভাবনা অনুসন্ধান প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় ‘জেলা ভিত্তিক সংলাপ ২০২৬’অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে খুলনা প্রেস ক্লাবে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

ইউথ ফর কেয়ার প্ল্যাটফর্ম ও দ্য আর্থ সোসাইটির সহযোগিতায় এ সংলাপটি বাস্তবায়ন ও আয়োজন করে স্থানীয় যুব সংগঠন ‘প্রান্তজ যুব সংঘ’। 

​সংলাপে খুলনার জলবায়ু চ্যালেঞ্জ, পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, টেকসই নীতি বাস্তবায়ন এবং হিজড়া ও প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক মূলধারায় অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানানো হয়। 

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো: আবুল কালাম এবং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সিনিয়র ইনস্ট্রাকটর মো: জুবাইদুর রহমান। এছাড়া সংলাপে প্রান্তজ যুব সংঘের সভাপতি মো: জাহিদুর রহমান এবং সাধারণ সম্পাদক মো: ইশতিয়াক মাহমুদসহ স্থানীয় বিভিন্ন যুব ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

​প্যানেল ও মুক্ত আলোচনায় অতিথিদের বক্তব্য ও প্রস্তাবনাসমূহ:

​যুব উন্নয়ন অধিদপ্তর ও কারিগরি প্রশিক্ষণ: যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো: আবুল কালাম বলেন, যুবদের দক্ষতা উন্নয়নে বছরব্যাপী বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে এবং বর্তমানে উদ্যোক্তা তৈরি প্রশিক্ষণ সচল রয়েছে। তিনি হিজড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর তরুণদের প্রশিক্ষণে অংশ নেওয়ার আহ্বান জানান এবং প্রশিক্ষণ শেষে সহজ শর্তে ঋণ সহায়তার আশ্বাস দেন।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র ইনস্ট্রাকটর মো: জুবাইদুর রহমান জানান, জিআইজেড-এর সহযোগিতায় নবায়নযোগ্য শক্তির ওপর বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এবং টিটিসিতে সোলার সিস্টেম চালু রয়েছে। তবে পর্যাপ্ত ফান্ড ও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে এ সংক্রান্ত কোর্সগুলো দীর্ঘমেয়াদে চালু রাখা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। 

​আয়োজক সংগঠনের বক্তব্য: প্রান্তজ যুব সংঘের সভাপতি মো: জাহিদুর রহমান বলেন, "প্রান্তিক জনগোষ্ঠীর যুবদের আত্মকর্মসংস্থান তৈরিতে কেবল সরকারি বা বেসরকারি প্রশিক্ষণই যথেষ্ট নয়, তাদের জন্য সহজ শর্তে ঋণের সুব্যবস্থা করতে হবে, যেন তারা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে"। সংলাপে সাধারণ সম্পাদক মো: ইশতিয়াক মাহমুদ তরুণদের সচেতনতা বাড়াতে এবং পরিবেশবান্ধব উদ্যোগ নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দেন। 

​যুব ও পরিবেশ সংগঠনের মতামত:

​আপস ইয়ুথ অর্গানাইজেশন: সংগঠনের সভাপতি মোঃ রেদওয়ানুল রোহান বলেন, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় নবায়নযোগ্য জ্বালানির সংযোজন অপরিহার্য। তবে পর্যাপ্ত প্রচারের অভাব এবং অতিরিক্ত ব্যয়ের কারণে সর্বস্তরে এটি পৌঁছাচ্ছে না, যার জন্য ব্যাপক সচেতনতামূলক ক্যাম্পেইন প্রয়োজন। 

​ক্লিন: প্রতিনিধি মাহি ইসলাম খুলনার পার্কগুলোতে সোলার প্যানেল পুনরায় চালু করা এবং কার্যকর নীতি নির্ধারণের জন্য অ্যাডভোকেসি বৃদ্ধির জোর দাবি জানান। 

​সিরাক বাংলাদেশ: প্রোগ্রাম অফিসার সুমাইয়া জানান, তারা ১৮–৩৫ বছর বয়সী তরুণদের নিয়ে জলবায়ু ও নবায়নযোগ্য শক্তি খাতে কাজ করছেন। খুলনার সার্বিক পরিবেশ সুরক্ষায় শহরে ১০টি 'তথ্য ভান্ডার ক্লাস্টার' তৈরির প্রস্তাব প্রদানের পাশাপাশি আগামী কাউন্সিল নির্বাচনে তরুণ, নারী ও হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধি অন্তর্ভুক্তির আহ্বান জানান। 

​নারী কণ্ঠ: প্রতিনিধি মোছাম্মৎ লায়লা রামপাল ও বাগেরহাটসহ সুন্দরবন উপকূলীয় অঞ্চলের বিদ্যুৎ সংকটের চিত্র তুলে ধরে স্বাস্থ্য খাতে ২% বিনিয়োগের পাশাপাশি এনজিও প্রকল্পগুলোতে নবায়নযোগ্য জ্বালানির জন্য পৃথক বাজেট বরাদ্দের অনুরোধ জানান। 

​অনলাইন সাংবাদিকতা: অনলাইন জার্নালিস্ট মাহবুবুর রহমান মুন্না জলবায়ু ও কারিগরি শিক্ষায় স্থানীয় প্রেস ক্লাব ও সুশীল সমাজকে সঙ্গে নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন।

ডেইলি-বাংলাদেশ/খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!