ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে মুছা হুজুরের যাবজ্জীবন

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৬, ২৫ অক্টোবর ২০২৬
জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে মুছা হুজুরের যাবজ্জীবন
সংগৃহীত ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জে মকতবে আরবি পড়তে যাওয়া এক কিশোরীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া ওরফে মুছা হুজুরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের নভেম্বরে দেওয়ানগঞ্জের একটি মসজিদে এ ঘটনা ঘটে। তখন ভুক্তভোগী কিশোরীর বয়স ছিল ১৫ বছর। অভিযুক্ত মুছা মিয়া ওই মসজিদে ইমামতি ও আরবি পড়ানোর দায়িত্বে ছিলেন।

মামলার অভিযোগে বলা হয়, অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে কিশোরীকে মসজিদে রেখে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন মুছা মিয়া। একই বছরের ডিসেম্বরেও একই ধরনের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়।

পরে ভুক্তভোগীর মা দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রোববার আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, আসামির উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!