৩০ টাকা কেজিতে চাল পাবেন গার্মেন্টস শ্রমিকরা
তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য প্রতি কেজি ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু করছে সরকার। বিশেষ খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।
প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় ট্রাকের মাধ্যমে এ চাল বিক্রি করা হবে। শুক্রবার (১৩ নভেম্বর) থেকে এ কার্যক্রম শুরুর কথা রয়েছে।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতি সপ্তাহের শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত ট্রাকে চাল বিক্রি করা হবে। তবে চালের মজুত থাকা সাপেক্ষে এ কার্যক্রম চলবে।
চাল কিনতে শ্রমিকদের নিজ নিজ পোশাক কারখানার পরিচয়পত্র দেখাতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টার রোলে স্বাক্ষর নেওয়ার মাধ্যমে চাল বিক্রি করা হবে।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তৈরি পোশাকশিল্পের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ৭৫টি খোলা ট্রাকে এ চাল বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে মোট ৩৭৫ টন চাল শ্রমিকদের কাছে বিক্রি করা হবে।
প্রাথমিকভাবে তিন মাস এ কর্মসূচি চালানোর পরিকল্পনা রয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় কার্যক্রমটি পরিচালিত হবে। কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে মন্ত্রণালয় ও অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে।