ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

কম খরচে বিশ্বমানের চিকিৎসাসেবা দেওয়ার সম্ভাবনা বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৪, ১৫ নভেম্বর ২০২৬
কম খরচে বিশ্বমানের চিকিৎসাসেবা দেওয়ার সম্ভাবনা বাংলাদেশে
সংগৃহীত ছবি

দেশের ক্যানসার রোগ নির্ণয় ও চিকিৎসায় ‘প্রিসিশন মেডিসিন’ এবং জিনোম সিকোয়েন্সিংয়ের সুযোগ পুরোপুরি কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, দেশে জিনোম সিকোয়েন্সিংয়ের পর্যাপ্ত সুবিধা থাকলেও তা যথাযথভাবে কাজে লাগানো হচ্ছে না। অদূর ভবিষ্যতে রোগ নির্ণয় ও ব্যক্তিভিত্তিক চিকিৎসাসেবা চালুর মাধ্যমে বাংলাদেশ বিশ্বমানের আঞ্চলিক হাব হিসেবে গড়ে উঠতে পারে।

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) প্রধান কার্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘ট্রেনিং কোর্স অন পিইটি-সিটি অ্যান্ড সাইক্লোট্রন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞান সচিব বলেন, প্রতিরোধমূলক ও নির্ভুল চিকিৎসাব্যবস্থার পাশাপাশি দেশের তরুণ জনগোষ্ঠী ও মেধাবী চিকিৎসকদের কাজে লাগিয়ে নতুন ওষুধ উদ্ভাবন এবং শিল্পের বিকাশ ঘটাতে হবে। যথাযথ পরিকল্পনা ও আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করা হলে তুলনামূলক কম খরচে বিশ্বমানের চিকিৎসাসেবা ও ওষুধ তৈরি করা সম্ভব। এসব ওষুধ দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, এ প্রশিক্ষণ কোর্স তরুণ চিকিৎসক ও গবেষকদের দক্ষতা বাড়াবে। পাশাপাশি পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য (বায়োসায়েন্স) ড. মাহফুজা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমিশনের মানবসম্পদ বিভাগের পরিচালক এ এস এম হাবিব উল্লাহ খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসের (ইনমাস) পরিচালক অধ্যাপক ড. জিনাত জাবিন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!