ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

পাঁচ দিন চালকদের বিশেষ প্রশিক্ষণ দেবে বিআরটিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৮, ১৫ নভেম্বর ২০২৬
পাঁচ দিন চালকদের বিশেষ প্রশিক্ষণ দেবে বিআরটিসি
ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনা কমানো ও চালকদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানটির ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে রোববার (১৫ নভেম্বর) থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ।

রাজধানীর তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মসূচির প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০৩০ সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার জাতীয় লক্ষ্যের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প (বিআরএসপি) এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’-এর আওতায় মোট ৬৮ হাজার নতুন ও পেশাদার চালককে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এর ধারাবাহিকতায় বিআরটিসির চলমান কার্যক্রমের আওতায় ২০ হাজার পেশাদার চালককে রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণে বাড়ছে নারীদের অংশগ্রহণ

বিআরটিসির বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে নারী চালকদের অংশগ্রহণও বাড়ছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (আইডব্লিউসিএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতেমা বেগম জানান, শুরুতে নারী প্রশিক্ষণার্থীদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বর্তমানে তাদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় উল্লেখযোগ্যসংখ্যক নারী হালকা যানবাহন চালনার প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

যে কারণে রিফ্রেশার প্রশিক্ষণ

প্রকৌশলী ফাতেমা বেগম বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন ও বিধিবিধান সম্পর্কে চালকদের সচেতনতা বাড়ানো, নিরাপদ গাড়ি চালানোর দক্ষতা অর্জন এবং সড়কে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে রিফ্রেশার প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখে।

তিনি আরও জানান, বিআরএসপি প্রকল্পের আওতায় নতুন পেশাদার চালক তৈরিতে চার মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্স চালু রয়েছে। এর পাশাপাশি পেশাদার চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে পাঁচ দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

এ প্রশিক্ষণের মাধ্যমে চালকদের নিরাপদে গাড়ি চালানোর অভ্যাস গড়ে তোলা, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা এবং যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ব্যক্তিগত দায়িত্ববোধ বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!