ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

ঢাকার ৫৬ খাল ও ৬২ পুকুর পুনরুদ্ধারে সরকারের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৮, ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার ৫৬ খাল ও ৬২ পুকুর পুনরুদ্ধারে সরকারের উদ্যোগ
ছবি: সংগৃহীত

অপরিকল্পিত নগরায়ণ, অবৈধ স্থাপনা ও দখলদারদের কারণে রাজধানী থেকে হারিয়ে যেতে বসেছে প্রাকৃতিক জলাধার। এতে ব্যাহত হচ্ছে পানি নিষ্কাশনব্যবস্থা, বাড়ছে পরিবেশদূষণ এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য।

এ পরিস্থিতি মোকাবিলায় ঢাকার দুই সিটি করপোরেশনের আওতাধীন ৫৬টি খাল ও ৬২টি পুকুর পুনরুদ্ধার এবং সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। দখলমুক্ত করার পাশাপাশি খালের সীমানা চিহ্নিত করে দুই পাশে গাইড ওয়াল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

জাতীয় নদী রক্ষা কমিশন ও ঢাকা জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, রাজধানীর ৫৬টি খালের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতায় রয়েছে ২৯টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধীনে ২৭টি। তবে অধিকাংশ খালের জায়গা দখল হয়ে যাওয়ায় স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।

ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেন, জলাধারগুলো পুনরুদ্ধারের মাধ্যমে নগরের পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্য নেওয়া হয়েছে। ইতোমধ্যে শ্যামপুর, মান্ডা, জিরানি ও কালুনগর খাল উদ্ধারে প্রকল্পের কাজ চলছে। পর্যায়ক্রমে অন্য খালগুলোতেও কাজ করা হবে।

দক্ষিণ সিটির উল্লেখযোগ্য খালগুলোর মধ্যে রয়েছে মান্ডা, জিরানি, খিলগাঁও-বাসাব, মেরাদিয়া-গজারিয়া, নন্দীপাড়া, ধোলাইখাল, শ্যামপুর, রায়েরবাজার, সেগুনবাগিচা ও গোপীবাগ খাল।

অন্যদিকে উত্তর সিটির উল্লেখযোগ্য খালগুলোর মধ্যে রয়েছে কল্যাণপুর, রূপনগর, বাউনিয়া, দিয়াবাড়ি, আব্দুল্লাহপুর, ইব্রাহিমপুর, কাটাসুর, রামচন্দ্রপুর, বেগুনবাড়ী, মহাখালী, শাহজাদপুর, ধউর ও সুতিভোলা খাল। এসব খালের মধ্যে প্রাথমিকভাবে ১০টি উদ্ধারের কাজ চলছে।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন খালের ওপর গড়ে উঠেছে বসতবাড়ি, বহুতল ভবন, দোকান, বিপণিবিতান, কারখানা ও গুদাম। কোথাও তৈরি করা হয়েছে গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ। এসব স্থাপনার কারণে খালের জায়গা সংকুচিত হয়েছে এবং পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাবরিন সুলতানা বলেন, খালে বর্জ্য ফেলে পানি দূষণ বা পরিবেশের ক্ষতি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম সোহাগ বলেন, জলপ্রবাহের পথ বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির পানি ও বর্জ্য নদীতে পৌঁছাতে পারছে না। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। উচ্ছেদের পর পুনরায় দখল ঠেকাতে নিয়মিত তদারকি জরুরি বলেও মনে করেন তিনি। অতীতে নজরদারির অভাবে উদ্ধার করা অনেক জায়গা আবারও দখল হয়ে গেছে।

ডিএনসিসি জানিয়েছে, খাল উদ্ধারে ভূমি প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন ও ঢাকা মহানগর পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। এ কার্যক্রমের অংশ হিসেবে জমির মালিকানা যাচাই, সীমানা নির্ধারণ, উচ্ছেদ অভিযান ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি অবৈধ ভবন ও আবাসন প্রকল্পের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞদের মতে, খাল ও পুকুর পুনরুদ্ধার করা গেলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের পাশাপাশি ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ বাড়বে। রক্ষা পাবে জলজ প্রাণী ও পাখির আবাসস্থল। জরুরি প্রয়োজনে এসব জলাধার পানির উৎস হিসেবেও ব্যবহার করা যাবে। এ ছাড়া খালের দুই পাশে সবুজায়ন ও হাঁটার পরিবেশ তৈরি করা সম্ভব হলে নগরের তাপমাত্রা কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!