চাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, আটক ৩৮ কিশোর গ্যাং সদস্য
চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে দুই দিনে ৫৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৩৮ জনকে। এ ছাড়া অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা, ২০৬ পিস ইয়াবা ও ১৪ গ্রাম ভাঙা ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সকালে জেলা পুলিশের মিডিয়া সেলের পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় ১২ ও ১৩ নভেম্বর জেলার বিভিন্ন থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) ২৪ ঘণ্টাভিত্তিক পৃথক অভিযান পরিচালনা করে। এতে বিভিন্ন মামলার আসামিদের পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মী এবং মাদকসংশ্লিষ্ট সাতজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ১২ নভেম্বরের অভিযানে ২৮ জনকে গ্রেপ্তার এবং ২০ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। এ সময় ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সাতজন নেতাকর্মী ও মাদকসংশ্লিষ্ট তিনজন রয়েছেন।
অন্যদিকে, ১৩ নভেম্বরের অভিযানে ৩০ জনকে গ্রেপ্তার এবং ১৮ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। এদিন ১০০ গ্রাম গাঁজা, ১৯০ পিস ইয়াবা ও ১৪ গ্রাম ভাঙা ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০ নেতাকর্মী ও মাদকসংশ্লিষ্ট চারজন রয়েছেন।
দুই দিনের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ১২ নভেম্বর চাঁদপুর ডিবি পাঁচজন এবং হাজীগঞ্জ ও শাহরাস্তি থানা একজন করে গ্রেপ্তার করে। ১৩ নভেম্বর চাঁদপুর সদর মডেল থানা একজন, হাইমচর একজন, ফরিদগঞ্জ তিনজন, মতলব দক্ষিণ একজন, মতলব উত্তর একজন এবং শাহরাস্তি থানা তিনজনকে গ্রেপ্তার করে।
এ ছাড়া বিভিন্ন মামলায় দুই দিনে ৩১ জন এবং বিভিন্ন ধারা ও অভিযানে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১২ নভেম্বর চাঁদপুর সদর মডেল থানা চারজন, কচুয়া ছয়জন, হাজীগঞ্জ পাঁচজন ও মতলব উত্তর থানা পাঁচজনকে আটক করে। ১৩ নভেম্বর চাঁদপুর সদর মডেল থানা তিনজন, ফরিদগঞ্জ ছয়জন, মতলব দক্ষিণ ছয়জন এবং হাজীগঞ্জ থানা তিনজনকে আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।