ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মী নিয়োগের সুযোগ
শ্রমবাজারের ঘাটতি পূরণে ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়ার কোটা নির্ধারণ করেছে ইতালি। এ সুযোগের আওতায় বাংলাদেশসহ নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকেরা কাজের জন্য আবেদন করতে পারবেন।
কৃষি, পর্যটন, গৃহস্থালি পরিচর্যাসহ বিভিন্ন খাতে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। ইতালির স্বরাষ্ট্র, শ্রম ও সামাজিক নীতি, কৃষি এবং পর্যটন মন্ত্রণালয়ের যৌথ নির্দেশনায় এ কোটা নির্ধারণ করা হয়েছে।
দেশটির সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, মোট কোটার মধ্যে ৭৬ হাজার ২০০ জন অমৌসুমি, ৮৯ হাজার জন মৌসুমি এবং ৬৫০ জন স্বনির্ভর পেশায় কাজের সুযোগ পাবেন। অমৌসুমি কর্মীদের জন্য বরাদ্দ কোটার মধ্যে ১৪ হাজার রাখা হয়েছে পারিবারিক পরিচর্যা খাতে।
আবেদনের প্রক্রিয়া ও নিয়ম
ইতালিতে কর্মী নিয়োগের আবেদন দেশটির ‘ফ্লো ডিক্রি’র আওতায় নির্ধারিত নিয়মে করতে হবে। আবেদনপ্রক্রিয়ার প্রাথমিক ধাপে অনলাইনে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হয়। এরপর নির্ধারিত সময়ে কাজের অনুমতির জন্য আবেদন জমা দিতে হয়।
সরকারি নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের কর্মী প্রবেশের আবেদনের প্রাথমিক তথ্য অনলাইনে পূরণের কার্যক্রম শুরু হয়েছে ২৩ অক্টোবর। এ কার্যক্রম চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। এ জন্য ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ALI পোর্টাল ব্যবহার করতে হবে।
তবে আবেদন জমা দেওয়ার মূল দায়িত্ব নিয়োগকর্তার। অর্থাৎ, ইতালির বৈধ নিয়োগকর্তাকে কর্মী নিয়োগের প্রস্তাব ও প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে পাসপোর্টের কপি, চাকরির প্রস্তাব বা কাজের চুক্তিনামাসহ প্রয়োজনীয় বৈধ কাগজপত্র জমা দিতে হয়।
বিনামূল্যে প্রশিক্ষণ, মধ্যস্বত্বভোগীদের বিষয়ে সতর্কতা
ইতালিতে কর্মী নিয়োগের বিশেষ প্রশিক্ষণ প্রকল্পের যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট নিয়োগদাতা প্রতিষ্ঠান বহন করবে। ফলে প্রশিক্ষণার্থীদের এ জন্য কোনো অর্থ খরচ করতে হবে না।
ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো জানিয়েছেন, কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারী বা এজেন্সির ভূমিকা রাখার সুযোগ নেই। কেউ মধ্যস্থতার জন্য অর্থ লেনদেন করলে তাঁকে ভিসা দেওয়া হবে না বলেও সতর্ক করেছেন তিনি।
নিয়োগকর্তার চাহিদার ভিত্তিতে প্রশিক্ষণ
রাষ্ট্রদূত জানান, ইতালির অভিবাসন আইনের ২৩ নম্বর অনুচ্ছেদের আওতায় নেওয়া প্রকল্পগুলো নিয়োগদাতাদের চাহিদার ভিত্তিতে পরিচালিত হয়। যেসব প্রতিষ্ঠানের কর্মী প্রয়োজন, তারা প্রথমে নিজেদের চাহিদা নির্ধারণ করে। পরে সেই চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রকল্প তৈরি, প্রশিক্ষণার্থী নির্বাচন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।