পরীক্ষামূলক উৎপাদনের প্রস্তুতি, গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। সবকিছু ঠিক থাকলে এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন পাওয়া গেলে নভেম্বরেই এ বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। তবে প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ গ্রিডে দিতে আরও পাঁচ থেকে ছয় মাস লাগতে পারে।
প্রকল্পসংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে জানা গেছে, প্রযুক্তিগত বা অন্য কোনো সমস্যা কিংবা আকস্মিক সংকট না হলে চলতি সপ্তাহেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করার প্রস্তুতি চলছে। এর মধ্য দিয়ে রূপপুর কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রক্রিয়া শুরু হবে।
সূত্রগুলো জানায়, প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরুর প্রস্তুতি এগিয়ে চলছে। প্রাথমিক পর্যায়ের কার্যক্রমও সফলভাবে সম্পন্ন হচ্ছে। এ সময় বিভিন্ন কারিগরি ব্যবস্থার মধ্যে সমন্বয় করা হচ্ছে।
রিঅ্যাক্টরের তাপীয় সক্ষমতা ৪০ শতাংশে পৌঁছালে পূর্ণ সক্ষমতার প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এ পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ নভেম্বরেই জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে।
গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার পর উৎপাদন ও সরবরাহ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। কয়েক দিন পর্যবেক্ষণের মাধ্যমে কোনো ত্রুটি রয়েছে কি না, তা নিশ্চিত করা হবে। সবকিছু ঠিক থাকলে এ পর্যায়ে বায়েরা থেকে অনুমোদন নিতে হবে। অনুমোদন পাওয়া গেলে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে অনুষ্ঠানের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। দুই নেতার অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে ডিসেম্বরে উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কবে শুরু হবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। যত দ্রুত সম্ভব কার্যক্রম শুরুর চেষ্টা চলছে।
তিনি জানান, পরীক্ষামূলক সরবরাহের পর উৎপাদন ও সরবরাহের প্রতিটি পর্যায়ে সবকিছু ঠিকমতো চলছে কি না, তা পরীক্ষা করা হবে। কোনো সমস্যা নেই নিশ্চিত হওয়ার পরই আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
প্রধানমন্ত্রী কবে সময় দিতে পারবেন, তার ওপরও অনুষ্ঠানের সময়সূচি নির্ভর করছে বলে জানান মাহমুদুল হাসান। এ কারণে আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ এখনই নিশ্চিত করা যাচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, প্রথম ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার পর ধাপে ধাপে উৎপাদন ও সরবরাহ বাড়ানো হবে। পূর্ণ সক্ষমতায় পৌঁছে সব বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করতে আরও পাঁচ থেকে ছয় মাস লাগতে পারে। সে হিসাবে চলতি বছর ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও আগামী বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।
রাশিয়ার প্রযুক্তি, অর্থনৈতিক ও কারিগরি সহায়তা এবং তত্ত্বাবধানে পাবনার ঈশ্বরদীতে নির্মিত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।
কেন্দ্রটিতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। দুটি ইউনিট চালু হলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।