ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২০, ১৪ নভেম্বর ২০২৬
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর
ছবি: সংগৃহীত

তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে তুলতে দেশজুড়ে বিনা মূল্যে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। দেশের ৬৪ জেলায় অনুষ্ঠিতব্য এ কর্মসূচির তৃতীয় ব্যাচে ভর্তির আবেদন শুরু হয়েছে। এতে ১৮ থেকে ৩৫ বছর বয়সীরা আবেদন করতে পারবেন।

আগ্রহীরা আগামী ২৪ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে www.dydaiproject.com/apply ওয়েবসাইটে। আবেদন সম্পন্ন হলে নিবন্ধনের কপি সংরক্ষণ করতে হবে।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত আবেদনকারীদের পরীক্ষার সময়সূচি এসএমএসের মাধ্যমে জানানো হবে। ভর্তি প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর এবং মৌখিক পরীক্ষা হবে ২৯ নভেম্বর। নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৩০ নভেম্বর।

নির্বাচিতদের প্রশিক্ষণ শুরু হবে ১ ডিসেম্বর ২০২৬। দুই মাসব্যাপী এ প্রশিক্ষণ শেষ হবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি।

৫০ দিনের এ প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ৩০০ ঘণ্টা পাঠদান করা হবে। প্রতিদিন ক্লাস চলবে ছয় ঘণ্টা। এতে ভর্তির জন্য আবেদনকারীদের এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক ধারণা এবং ইংরেজিতে দক্ষদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রশিক্ষণ নিতে অংশগ্রহণকারীদের কোনো ফি দিতে হবে না। বরং প্রত্যেক প্রশিক্ষণার্থী দৈনিক ২০০ টাকা করে যাতায়াত ও খাবার ভাতা পাবেন। সফলভাবে প্রশিক্ষণ শেষকারীদের সনদ দেওয়া হবে।

জেলা পর্যায়ে উপপরিচালকের নেতৃত্বে গঠিত কমিটি পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করবে। আবেদন ও প্রশিক্ষণসংক্রান্ত বিস্তারিত তথ্য যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!