[ দেশজুড়ে ]
পাবনায় পাঁচ অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা প্রায় ২০ লাখ
ছবি- ডেইলি বাংলাদেশ
পরিবেশদূষণ রোধে পাবনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জেলা সদরের পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, পাবনা ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন। পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী ও পরিদর্শক মো. আব্দুল মমিন প্রসিকিউশন পরিচালনা করেন।
অভিযানে পাবনা জেলা পুলিশ, এসআরবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয় জানিয়েছে, পরিবেশদূষণ রোধ এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/পাবনা
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!