পরিত্যক্ত বিদ্যালয় ভবনে মাদকের আসর, চুরি নলকূপও
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন ঘিরে মাদক কারবারি ও মাদকাসক্তদের দৌরাত্ম্য বেড়েছে। দিনের বিভিন্ন সময়ে সেখানে বসছে মাদকের আসর, রাত হলেই চলছে কেনাবেচা। মাদকাসক্তদের উপদ্রবে আতঙ্কে রয়েছেন বিদ্যালয়ের নারী শিক্ষিকারা। অন্যদিকে বিদ্যালয়ের গভীর নলকূপ, দরজা, জানালা, গ্রিলসহ বিভিন্ন সরঞ্জাম চুরি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা।
বিদ্যালয়টি হলো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাদুরতলী কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটির নতুন ভবনে ২০২১ সাল থেকে পাঠদান শুরু হয়। এরপর পুরোনো ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় সেটি মাদকসেবী ও কারবারিদের আড্ডাস্থলে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় প্রাঙ্গণের গভীর নলকূপের ওপরের অংশ খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরিত্যক্ত ভবনের দরজা, জানালা ও গ্রিলসহ লোহার বিভিন্ন সরঞ্জামও উধাও। এমনকি শিশুদের শৌচাগারের পানির সংযোগের পাইপও খুলে নেওয়া হয়েছে। ফলে সুপেয় পানির সংকটে পড়েছে শিক্ষার্থীরা।
বর্তমানে শিক্ষার্থীদের পানির চাহিদা মেটাতে দূরদূরান্ত থেকে কলসিতে করে পানি সংগ্রহ করছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে পাঠদান কার্যক্রম পরিচালনায়ও বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কলেজপড়ুয়া কয়েকজন যুবক জানান, দুপুর, সন্ধ্যা এমনকি কখনো কখনো সকালেও বিদ্যালয়ের অব্যবহৃত ভবনে মাদকের আসর বসে। রাত হলে সেখানে মাদক কারবারিদের আনাগোনা বাড়ে। এতে আশপাশের বাসিন্দারাও অতিষ্ঠ হয়ে উঠেছেন। এর আগে প্রশাসনের অভিযানে কয়েকজন আটক হলেও মাদকসংশ্লিষ্ট ব্যক্তিদের দৌরাত্ম্য কমেনি বলে অভিযোগ তাদের।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম সাগর বলেন, মাদকাসক্ত চোরেরা পানির সংযোগের পাইপ পর্যন্ত খুলে নিয়ে গেছে। পরে শিশুদের ভোগান্তি কমাতে তিনি নিজ উদ্যোগে সেটি মেরামত করেছেন। বিদ্যালয়ের সীমানাপ্রাচীর না থাকায় বারবার এ ধরনের ঘটনা ঘটছে বলে মনে করেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এ বিষয়ে সরাসরি কথা বলতে রাজি হননি। তবে গোপনে ধারণ করা বক্তব্যে তিনি ও বিদ্যালয়ের অন্য সাত নারী শিক্ষিকার নিরাপত্তাহীনতার বিষয়টি উঠে এসেছে। অভিযুক্তদের ভয়ে তারা প্রকাশ্যে কিছু বলতে সাহস পাচ্ছেন না বলে জানা গেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহিদা বলেন, বিষয়টি দুঃখজনক। শিক্ষিকারা ভয়ে থাকলেও গোপনে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো উচিত ছিল। তিনি বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন করবেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, বিদ্যালয়ের সমস্যাগুলো সম্পর্কে তিনি অবগত। এ নিয়ে পৌরসভায় সভাও হয়েছে। বিদ্যালয়ের ভেতরে পানির লাইন নিয়ে ফিল্টার স্থাপনের উদ্যোগ প্রক্রিয়াধীন। বাইরে পানির ব্যবস্থা করলে মাদকাসক্তরা আবারও সরঞ্জাম চুরি করতে পারে। এ ছাড়া বিদ্যালয় এলাকায় পুলিশের নজরদারি বাড়ানোর জন্য থানা পুলিশকে জানানো হবে।