পটুয়াখালীতে নাশকতার মামলায় ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
পটুয়াখালীর দশমিনায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দশমিনা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল ইসলাম শামীম এবং বাঁশবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল করিম।
পুলিশ জানায়, গত ১০ নভেম্বর রাতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সংগঠনটির নেতাকর্মীরা টায়ার ও খড়কুটো জ্বালিয়ে সড়ক অবরোধ এবং মিছিল করেন। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বাসসকে বলেন, কেন্দ্রীয়ভাবে ঘোষিত অবরোধ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জ্বালাও-পোড়াও করে জনমনে ভীতির সৃষ্টি করেন। এ ঘটনায় পৃথক অভিযান চালিয়ে দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পরে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তাদের আদালতে পাঠানো হয়।