ঢাকা,  শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শীতের আগমনীতে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত লোহাগড়ার কারিগররা

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৬, ১৩ নভেম্বর ২০২৬
শীতের আগমনীতে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত লোহাগড়ার কারিগররা
লোহাগড়ায় লেপ তোষক তৈরিতে কারিগররা ব্যস্ত। ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলের লোহাগড়া উপজেলায় শীতের আগমনী বার্তা ছড়িয়ে পড়তেই লেপ-তোষক তৈরির ধুম পড়েছে। শীত পুরোপুরি জেঁকে বসার আগেই নতুন লেপ-তোষক তৈরি করতে বাজারের দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। অন্যদিকে, ক্রেতাদের চাহিদা বাড়ায় ব্যস্ত সময় পার করছেন কারিগররা।

কার্তিক মাসের শুরু থেকেই শীতের আমেজ অনুভূত হচ্ছে এলাকায়। ভোরে কুয়াশা, সন্ধ্যার পর ঠান্ডা বাতাস আর রাতের শীত থেকে বাঁচতে অনেকেই ব্যবহার করছেন লেপ ও তোষক। ফলে লোহাগড়া বাজারের লেপ-তোষকের দোকানগুলোতে ক্রেতাদের আনাগোনা বেড়েছে।

তবে গত বছরের তুলনায় তুলা, লেপের কাপড়, ফোম ও কারিগরদের মজুরি বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে লেপ-তোষক তৈরির খরচেও।

লোহাগড়া বাজারের আজিবর বেডিং স্টোরের স্বত্বাধিকারী আজিবর চৌধুরী বলেন, ৩০ থেকে ৩৫ বছর ধরে তিনি লেপ-তোষক তৈরি ও বিক্রির ব্যবসা করছেন। এ ব্যবসার আয় দিয়েই দুই ছেলে ও চার মেয়ের ভরণপোষণ করেছেন। মেয়েদের বিয়ে দিয়েছেন, সংসারের হালও ধরে রেখেছেন। প্রায় শত বছরের পুরোনো ব্যবসাপ্রতিষ্ঠানটি এখনো ধরে রেখেছেন তিনি।

আজিবর চৌধুরী বলেন, বর্তমানে তার প্রতিষ্ঠানে পাঁচজন কারিগর কাজ করেন। প্রতিদিন ৭ থেকে ১০টি লেপ তৈরি হয়। চার থেকে পাঁচ হাত মাপের প্রতিটি লেপ বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকায়।

লেপ-তোষক তৈরির কারিগর মো. মুজিবর রহমান বলেন, ১০ বছর ধরে এ পেশায় রয়েছেন তিনি। বাবার হাত ধরে এ কাজে যুক্ত হয়েছেন। অন্য পেশায় যাওয়ার ইচ্ছা নেই। এ কাজের সঙ্গেই থাকতে চান তিনি।

লেপ-তোষক কিনতে আসা লোহাগড়ার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের জাহাঙ্গীর বলেন, শীত বাড়ার আগেই পরিবারের জন্য নতুন লেপ-তোষক তৈরি করতে এসেছেন। তবে তুলা, কাপড় ও কারিগরের মজুরি গত বছরের তুলনায় বেড়েছে। দাম বেশি হলেও পরিবারের প্রয়োজনেই লেপ-তোষক তৈরি করাতে হচ্ছে।

একই বাজারে কথা হয় মরিচপাশা গ্রামের ভ্যানচালক লিটন সরদারের সঙ্গে। তিনি বলেন, আয় কম হওয়ায় এবার দুটি লেপ তৈরির পরিকল্পনা থাকলেও একটি তৈরি করছেন। বেশি শীত পড়ার আগে পরিবারের সদস্যদের নিয়ে কষ্টে দিন কাটাতে না হয়, সে জন্যই বাড়তি খরচের মধ্যেও লেপ তৈরি করাচ্ছেন।

কারিগর শাহিন বলেন, শীতের আগেই মানুষ লেপ-তোষক তৈরি করতে শুরু করেছেন। এতে তাদের কাজের চাপ বেড়েছে। তবে জিনিসপত্রের দাম বেশি হওয়ায় ক্রেতারা চাহিদা অনুযায়ী লেপ-তোষক তৈরি করতে পারছেন না। পুঁজির স্বল্পতার কারণেও কারিগরদের বেশি উপকরণ মজুত করা সম্ভব হচ্ছে না। শীত বাড়লে কাজ ও আয় দুটিই বাড়বে বলে আশা করছেন তিনি।

আরেক কারিগর জুয়েল বলেন, একসময় তীব্র শীতেও লেপ-তোষকের দোকানে ক্রেতাদের ভিড় লেগে থাকত। রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত কাজ করতে হতো। বর্তমানে সেই ব্যস্ততা কিছুটা কমেছে। তবে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে কাজের চাপও বাড়বে বলে আশা করছেন তারা।

ডেইলি-বাংলাদেশ/লোহাগড়া/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!