ঢাকা,  শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মুকসুদপুরে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০১, ১৩ নভেম্বর ২০২৬
মুকসুদপুরে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে একের পর এক সংঘর্ষে ১০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে রয়েছে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক। সংঘর্ষে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি অক্ষত রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে আসা একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইজিবাইক দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। এতে মহাসড়কে যানবাহন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে, সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে নির্বাচনি এলাকার উদ্দেশে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। তার গাড়িবহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি সুস্থ ও অক্ষত আছেন।

দুর্ঘটনায় রাঘদী ইউনিয়ন বিএনপির নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকায় পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!