গোপালগঞ্জে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের কমিটি
সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষার লক্ষ্যে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’-এর গোপালগঞ্জ জেলা ইউনিটের ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে দৈনিক ভোরের কথা’র জেলা প্রতিনিধি মো. সাইফুর রশিদ চৌধুরীকে সভাপতি এবং দৈনিক রুপালী বাংলাদেশ ও বাংলা পোস্টের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংগঠনের প্রধান কার্যালয় থেকে জারি করা স্মারকের মাধ্যমে এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির মেয়াদ ২০২৬ সালের ১২ নভেম্বর থেকে ২০২৭ সালের ১১ নভেম্বর পর্যন্ত।
কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহসভাপতি দুলাল বিশ্বাস (প্রতিদিনের সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক মানিক শিকদার (দৈনিক দেশের কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক মো. সিহাব উদ্দিন (দৈনিক আলোকিত প্রতিদিন), প্রচার সম্পাদক লিয়াকত হোসেন লিংকন (বাসস), কোষাধ্যক্ষ আফজাল হোসেন (দৈনিক দেশ বর্তমান) এবং দপ্তর সম্পাদক ফয়জুল ইসলাম লিমন (দৈনিক আজকের সংবাদ)।
কমিটির সদস্যরা হলেন শেখ ফরিদ আহমেদ (দৈনিক বাংলার জাগরণ), সেলিম রেজা (দৈনিক নয়া দিগন্ত), জয়ন্ত শিরালী (সময় টেলিভিশন), জাবেরুল ইসলাম বাধন (দেশ টিভি), পলাশ শিকদার (দৈনিক বাংলাদেশের খবর), গোলাম রব্বানী (দৈনিক সকালের সময়), তারিকুল ইসলাম (বাংলা টিভি, মুকসুদপুর), লিটন সরদার (দৈনিক ডেসটিনি), জনী আহমেদ (দৈনিক আমার দেশ, মুকসুদপুর), কালাম তালুকদার (দৈনিক ভোরের আলো), এস এম সাজ্জাদ হোসেন (দৈনিক একুশে সংবাদ), মায়াজ হাওলাদার ও এইচ এম মানিক (দৈনিক স্বাধীন দেশ)।
নবনির্বাচিত সভাপতি মো. সাইফুর রশিদ চৌধুরী বলেন, সাংবাদিকতা কোনো অপরাধ নয়, বরং সত্য তুলে ধরাই একজন সাংবাদিকের দায়িত্ব। অথচ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হামলা, মামলা, হুমকি ও হয়রানির শিকার হতে হচ্ছে। এসব অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, গোপালগঞ্জ জেলা ইউনিট সাংবাদিকদের বিপদে পাশে দাঁড়াবে এবং তাদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে। কারও প্রতিপক্ষ না হয়ে সাংবাদিক নির্যাতন ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকবে সংগঠনটি।
সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শেখ জুয়েল বলেন, সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা কোনো ব্যক্তিগত সুবিধা নয়, এটি স্বাধীন সাংবাদিকতার অপরিহার্য শর্ত। একজন সাংবাদিক যেন ভয়ভীতি, চাপ কিংবা হয়রানির মুখে সত্য প্রকাশ থেকে পিছিয়ে না যান, সেই পরিবেশ তৈরিতে তারা কাজ করবেন।
তিনি আরও বলেন, সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটলে দল-মত ও গণমাধ্যমের পরিচয়ের ঊর্ধ্বে উঠে ভুক্তভোগীর পাশে দাঁড়ানো হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা, পারস্পরিক ঐক্য, নৈতিকতা ও মর্যাদা রক্ষায় সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে।