গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, মাঠে বিজিবি
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ। টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ ও পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে জেলার বিভিন্ন এলাকায়। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে টুঙ্গিপাড়ায়। সেখানে পুলিশের পিকআপ ভ্যানে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর করা হয়েছে উপজেলা যুবদলের কার্যালয়। সংঘর্ষে সাংবাদিক ও পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করেছে প্রশাসন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়, পাটগাতী বাসস্ট্যান্ড ও টুঙ্গিপাড়া মোড় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে সড়কে নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তাঁদের সঙ্গে যোগ দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সকাল সাড়ে ১১টার দিকে বিক্ষোভকারীদের একটি মিছিল পাটগাতী বাসস্ট্যান্ডে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশের একটি পিকআপ ভ্যানে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় উপজেলা যুবদলের কার্যালয়ও।
সংঘর্ষে ইনকিলাবের সাংবাদিক আফজাল হোসেন ও পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতের সংখ্যা নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন তথ্য পাওয়া গেছে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
টুঙ্গিপাড়ার পাশাপাশি গোপালগঞ্জ শহরেও ছড়িয়ে পড়ে উত্তেজনা। দুপুরে শহরতলির বিসিক ব্রিজ এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে বিক্ষোভকারীরা সেখান থেকে সরে যান।
এরপর গোলচত্বর ও লঞ্চঘাট এলাকায় জড়ো হয়ে টায়ারে পেট্রল ঢেলে আগুন ধরান বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে আবারও ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে শহরের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং যান চলাচল বন্ধ থাকে। প্রায় এক ঘণ্টা পর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ খান পুলিশের হয়রানি বন্ধের আলটিমেটাম দিয়ে ঘটনাস্থল ত্যাগ করলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
এদিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কাঠিবাজার এলাকায় অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাকুড় এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। কাশিয়ানীর কালনা মধুমতি সেতুর টোলপ্লাজা, পোনা ও মাজড়া এলাকার মধ্যবর্তী স্থান এবং ওড়াকান্দি ইউনিয়নের গোপালপুরেও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও যানবাহন ভাঙচুরের খবর পাওয়া গেছে। এতে মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন আটকে পড়ায় যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হয়। কাশিয়ানীর মহেশপুর রেলওয়ে স্টেশন এলাকাতেও গভীর রাতে আগুন জ্বালিয়ে বিক্ষোভের খবর পাওয়া গেছে।
এ ছাড়া শহরের বিসিক এলাকা, পৌর শিশু পার্কসংলগ্ন এলাকা ও মহিলা আলিয়া মাদ্রাসার সামনে তিনটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মঙ্গলবার বিকেলে শহরের মান্দারতলাসহ বিভিন্ন এলাকায় সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অন্যদিকে কোটালীপাড়ায় ককটেল বিস্ফোরণ ও চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন। মঙ্গলবার বিকেলে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এর আগে সোমবার (৯ নভেম্বর) রাতে কোটালীপাড়ার কুশলা নেছারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন, কাজী মন্টু কলেজ ও ভাঙ্গারহাট টিটি উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। একই রাতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ও টুপুরিয়া বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ ঘটে। মঙ্গলবার সকালে উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখের নেতৃত্বে নেতাকর্মীরা তালা ভেঙে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম স্বাভাবিক করেন।
এসব ঘটনায় নাবিল হাসান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের জুটিয়ারবাড়ি গ্রামের আখতারুজ্জামানের ছেলে।
সোমবার রাত থেকেই জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও মহাসড়ক অবরোধের চেষ্টা চলে। রাত ৮টার দিকে গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। এর কিছুক্ষণ পর সরকারি মহিলা কলেজ, জেলা শিল্পকলা একাডেমি ও আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনের সড়কে পর্যায়ক্রমে আরও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ আরও কয়েকটি স্থানেও বিচ্ছিন্ন বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
একই রাতে ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা, চেচানিয়াকান্দি ও কাশিয়ানীর পোনা এলাকায় আগুন জ্বালিয়ে এবং মশাল মিছিল করে অবরোধের চেষ্টা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসব কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গভীর রাতে মহাসড়কে গাছ কেটে যান চলাচলে বাধা সৃষ্টি করা হলেও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে ফেলে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টুঙ্গিপাড়াসহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে নাশকতা সৃষ্টির অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার ও সাতটি মোটরসাইকেল জব্দ করা হয়। সদর, কাশিয়ানী ও কোটালীপাড়া উপজেলায় ছয়টি ককটেল নিক্ষেপের তথ্যও নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ সুপার আরও বলেন, মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। নাশকতার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান মঙ্গলবার বিকেলে বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।