লালমোহনে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
ভোলার লালমোহন উপজেলায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজা ও ২৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া ও কালমা ইউনিয়নের ডাওরী বাজার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃকতরা হলেন- উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঙ্গাশিয়া এলাকার মো. নূরনবীর ছেলে মো. আলী (২৫) এবং কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুসলমান বাড়ির মো. মহসিনের ছেলের মো. নূরে আলম (৩৫)। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া মধ্যবাজারে এসআই নুর আমিন সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার বরকতের হোটেলের রান্নাঘরের পেছন থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ মো. আলী নামে এক যুবককে আটক করা হয়।
অপরদিকে, একইদিন উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী বাজার সংলগ্ন এলাকায় এসআই জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্স আরেকটি অভিযান পরিচালনা করেন। এ সময় ২৩ পিস ইয়াবাসহ মো. নুরে আলম নামে আরও এক ব্যক্তিকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, আটক দুজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এরপর মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।