পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনে ৮ জনের কারাদণ্ড
রাজবাড়ীর পাংশায় পৃথক অভিযানে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনকে কারাদণ্ড এবং একজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ফুলতলা ও কসবামাজাইল ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব দণ্ড দেওয়া হয়।
পাংশা মডেল থানা সূত্রে জানা যায়, ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আয়ুব আলী (৫২), ওবাইদুল শেখ (২৫) ও মনিরুল ইসলামকে (৪৫) আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল হকের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আয়ুব আলী ও ওবাইদুল শেখকে তিন মাস করে কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেন। অপর আসামি মনিরুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, কসবামাজাইল ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ। এ সময় অবৈধ বালু উত্তোলনে জড়িত থাকার দায়ে ইউপি সদস্য তামজিদকে (৪৫) ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই ঘটনায় মো. আলামিন মোল্লা, মো. আসাদুজ্জামান (৪৩) ও মো. সুমন মোল্লাকে (২৫) সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় পৃথক অভিযানে এসব ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।