সরকারি চাকরিতে ৫ লাখ নিয়োগের পরিকল্পনা
দেশের সরকারি দপ্তরগুলোতে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব পদ পূরণে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা তৈরি করেছে সরকার। এর মধ্যে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানানো হয়। নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের এক লিখিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে এ তথ্য তুলে ধরেন মো. আব্দুল বারী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সংসদে দেওয়া তথ্যে বলা হয়, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৫’ অনুযায়ী, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সরকারি দপ্তরে মোট ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।
এই বিপুলসংখ্যক শূন্য পদ পূরণে সরকার সময়ভিত্তিক নিয়োগ পরিকল্পনা নিয়েছে। ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনার আওতায় পর্যায়ক্রমে নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর কাছে নিয়োগের সর্বশেষ অবস্থা এবং শূন্য পদের বিপরীতে নিয়োগসংক্রান্ত তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এছাড়া দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং শূন্য পদের বিপরীতে নিয়োগ সম্পন্ন করতে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরির জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ইতোমধ্যে নিয়োগ কার্যক্রম শুরু করেছে বলে সংসদে জানানো হয়।
সরকারি চাকরিতে বিপুলসংখ্যক পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, সরকারি সেবা প্রদান এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জনবলসংকটের চাপ তৈরি হতে পারে। বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ের দপ্তরগুলোতে প্রয়োজনীয় জনবল না থাকলে সাধারণ মানুষের সেবা পেতে ভোগান্তি বাড়ার আশঙ্কা থাকে।
তবে পাঁচ লাখ নিয়োগের পরিকল্পনা বাস্তবায়নে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষা গ্রহণ, ফলাফল ঘোষণা, যাচাই-বাছাই এবং নিয়োগপত্র দেওয়ার মতো একাধিক ধাপ সম্পন্ন করতে হবে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে কতটি পদে নিয়োগ দেওয়া সম্ভব হবে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রস্তুতি ও নিয়োগ প্রক্রিয়ার গতির ওপর।